
অস্ট্রেলিয়ার একটি গ্রামাঞ্চলে রাস্তার পাশে পরিত্যক্ত স্যুটকেস থেকে মানবদেহের মতো দেখতে একটি বস্তু উদ্ধারের পর চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রাথমিকভাবে এটিকে মরদেহ মনে করে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পুলিশ। তবে ফরেনসিক পরীক্ষার পর জানা যায়, সেটি কোনো মানুষের মরদেহ নয়—একটি হুবহু মানুষের মতো দেখতে সেক্স ডল।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিডনি থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওলেন শহরের কাছে গত রোববার গাড়িতে যাওয়ার সময় রাস্তার পাশে একটি পরিত্যক্ত স্যুটকেস দেখতে পান দুই ব্যক্তি। স্যুটকেস খুলে ভেতরে মৃতদেহের মতো কিছু দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্ভাব্য আলামত নষ্ট হওয়ার আশঙ্কায় স্যুটকেসটি না খুলে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরদিন পরীক্ষার পর বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, সেটি কোনো মানুষের মরদেহ নয়।
পুতুলটি কাপড় পরানো অবস্থায় ছিল। মাথায় চুল, নাকে অলঙ্কার এবং শরীরে আঘাতের দাগের মতো চিহ্নও ছিল। নিখুঁত গড়নের কারণে সেটিকে আসল মানুষের মরদেহ বলে মনে হয়েছিল বলে জানান পুলিশ সুপার লিন্ডা ব্র্যাডবেরি।
কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি নিশ্চিত হওয়ার পর তদন্তের সমাপ্তি ঘোষণা করেছে পুলিশ।

