ভোরে কাজে বেরিয়ে ফিরতেন রাতে, যেভাবে লিওনেলকে ‘মেসি’ বানিয়েছিলেন বাবা হোর্হে

ভোরে কাজে বেরিয়ে ফিরতেন রাতে, যেভাবে লিওনেলকে ‘মেসি’ বানিয়েছিলেন বাবা হোর্হে - the Bengali Times
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির সাফল্যের গল্পের নেপথ্যে রয়েছে তাঁর বাবা হোর্হে মেসির দীর্ঘ সংগ্রাম ত্যাগ ও অদম্য বিশ্বাস

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির সাফল্যের গল্পের নেপথ্যে রয়েছে তাঁর বাবা হোর্হে মেসির দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও অদম্য বিশ্বাস। ভোর ৪টায় কাজে বের হয়ে রাত ৯টায় বাড়ি ফিরতেন তিনি। সন্তানের সঙ্গে সময় কাটানোর সুযোগ ছিল সীমিত। তবুও ছেলের স্বপ্নকে নিজের স্বপ্নে পরিণত করেছিলেন হোর্হে।

দীর্ঘ অসুস্থতার পর ৬৮ বছর বয়সে হোর্হের মৃত্যুর পর আরও স্পষ্ট হয়ে উঠেছে মেসির কিংবদন্তি হয়ে ওঠার পেছনে তাঁর বাবার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল।

- Advertisement -

১৯৫৮ সালে আর্জেন্টিনার রোজারিওর লাস হেরাস এলাকায় জন্ম হোর্হে মেসির। জীবনের দীর্ঘ সময় একটি ইস্পাত কারখানায় তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন তিনি। স্ত্রী সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে তাঁদের চার সন্তান—রদ্রিগো, মাতিয়াস, লিওনেল ও মারিয়া সল।

পরিবারে ফুটবল ছিল নিত্যদিনের আনন্দের অংশ। ছোটবেলায় লিওনেলকে নিজেই ফুটবলের প্রাথমিক শিক্ষা দিতেন হোর্হে। মাত্র চার বছর বয়সেই তিনি বুঝতে পেরেছিলেন, তাঁর ছেলে অন্যদের চেয়ে আলাদা।

২০০৩ সালে এক সাক্ষাৎকারে হোর্হে বলেছিলেন, চার বছর বয়সেই তাঁরা বুঝেছিলেন লিওনেল আলাদা। সে অসাধারণভাবে ড্রিবল করত এবং বল পায়ের কাছে ধরে রাখত।

মেসির শৈশবের পথ অবশ্য মসৃণ ছিল না। গ্র্যান্ডোলিতে খেলার সময় একপর্যায়ে ছেলের ম্যাচ দেখার টিকিট কেনার মতো অর্থও ছিল না হোর্হের। পরে তিনি লিওনেলকে নিউয়েলস ওল্ড বয়েজে নিয়ে যান। সাত থেকে ১৩ বছর বয়স পর্যন্ত সেখানেই খেলেন মেসি।

এরপর ধরা পড়ে তাঁর শরীরে বৃদ্ধি-হরমোনের ঘাটতি। চিকিৎসার জন্য প্রতি মাসে প্রয়োজন ছিল প্রায় ৯০০ ডলার। পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। নিউয়েলস ওল্ড বয়েজ পুরো খরচ নিতে রাজি হয়নি। রিভার প্লেটও শেষ পর্যন্ত মেসিকে দলে নেয়নি।

কিন্তু হোর্হে হাল ছাড়েননি। ছেলের প্রতিভার ওপর তাঁর অগাধ বিশ্বাস ছিল। বার্সেলোনা মেসির প্রতি আগ্রহ দেখাচ্ছে—এমন খবর পাওয়ার পর পরিবারের সঙ্গে স্পেনের কাতালোনিয়ায় পাড়ি জমান তিনি।

বার্সেলোনায় শুরুর দিনগুলোও ছিল কঠিন। নতুন দেশ, নতুন পরিবেশ ও চিকিৎসার ব্যয়—সব মিলিয়ে পরিবারকে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়। একপর্যায়ে মেসির মা সেলিয়াকে রোজারিওতে ফিরে যেতে হয়। ছোট্ট লিওর পাশে থেকে যান হোর্হে।

এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাচ হোর্হেকে মধ্যাহ্নভোজে ডাকেন। সেখানেই একটি ন্যাপকিনে মেসির সঙ্গে চুক্তির প্রতিশ্রুতি লেখা হয়। সেই ছোট্ট কাগজটি পরবর্তী সময়ে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত দলিলে পরিণত হয়।

মেসির সামনে স্পেনের হয়ে খেলার সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু হোর্হে জানতেন, তাঁর ছেলে আর্জেন্টিনার জার্সিই পরতে চায়। তাই মেসির খেলার ভিডিও আর্জেন্টিনার যুব দলের কোচ হুগো তোকাল্লির কাছে পাঠান এবং আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখেন।

২০০৪ সালের ২৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় মেসির। বলা যায়, হোর্হে শুধু তাঁর ছেলেকে একজন ফুটবলার হিসেবে গড়ে তোলেননি, আর্জেন্টিনার হাতে তুলে দিয়েছিলেন ভবিষ্যতের এক কিংবদন্তিকে।

মেসির কাছে বাবার মতামতও ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি একবার জানিয়েছিলেন, প্রতিটি ম্যাচের পর বাবার কাছে জানতে চাইতেন তিনি কেমন খেলেছেন।

২০০৮ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গোল করার পর জার্সি তুলে ভেতরের টি-শার্টে লেখা ‘আমি তোমাকে ভালোবাসি, বাবা’ বার্তাটি দেখিয়েছিলেন মেসি। বাবার প্রতি ভালোবাসা প্রকাশের সেই মুহূর্তটি আজও স্মরণীয়।

এরপর মেসির ক্যারিয়ারে এসেছে একের পর এক সাফল্য—বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই, ইন্টার মায়ামি, বিশ্বকাপ, কোপা আমেরিকা, ব্যালন ডি’অরসহ অসংখ্য অর্জন। ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে হোর্হে ছিলেন তাঁর গুরুত্বপূর্ণ প্রতিনিধি ও পরামর্শদাতা।

তবে সব পরিচয়ের ঊর্ধ্বে হোর্হে ছিলেন লিওনেল মেসির বাবা। ভোর ৪টায় কাজে বেরিয়ে রাত ৯টায় বাড়ি ফেরা সেই মানুষটি হয়তো তখন জানতেন না, তাঁর ছেলে একদিন বিশ্বজুড়ে কোটি মানুষের ভালোবাসার প্রতীক হয়ে উঠবে। তিনি শুধু জানতেন, তাঁর ছেলে ফুটবল ভালোবাসে এবং সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হবে।

আজ মেসির হাতে অসংখ্য ট্রফি, ফুটবল ইতিহাসে স্থায়ী হয়ে গেছে তাঁর নাম। কিন্তু সেই সাফল্যের গল্পের প্রথম পাতায় লেখা রয়েছে একজন বাবার নাম—হোর্হে মেসি।

তিনি নেই, কিন্তু মেসির প্রতিটি অর্জন, প্রতিটি গোল আর অসংখ্য স্মৃতির সঙ্গে বেঁচে থাকবে সেই মানুষটির ত্যাগ ও ভালোবাসার গল্প।

- Advertisement -

Related Articles

Latest Articles