
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দেশে ফিরে নিজের বিরুদ্ধে থাকা মামলাসহ সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। একই সঙ্গে দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেছেন।
বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি এখনও জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্নও দেখেন।
২০২৪ সালে সরকার পরিবর্তনের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ওই সময় তিনি সংসদ সদস্যও ছিলেন। বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরার পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি।
দেশে ফেরার প্রসঙ্গে সাকিব বলেন, যদি এখনই ফেরা সম্ভব না হয়, তাহলে শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর সঙ্গেই ফেরার চেষ্টা করবেন। তাঁর ভাষায়, “নেত্রী যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি।”
এছাড়া, দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নিয়ে নিজের কোনো অনুশোচনা নেই বলেও জানান সাকিব। তাঁর দাবি, সেখানে তিনি শুধু শান্তি ও বাংলাদেশের অগ্রগতির কথাই বলেছেন।

