
কানাডার অন্টারিও প্রদেশের পিল রিজিয়নাল পুলিশ তাদের অ-জরুরি ফোনসেবাকে আরও কার্যকর ও আধুনিক করতে নতুন এআইচালিত (কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক) ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করেছে। পুলিশের দাবি, এই প্রযুক্তি চালুর ফলে সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে, অ-জরুরি কল দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে এবং মানব অপারেটররা গুরুত্বপূর্ণ ও জরুরি পরিস্থিতির কলগুলোতে আরও বেশি মনোযোগ দিতে পারবেন।
পুলিশের তথ্য অনুযায়ী, পিল রিজিয়নাল পুলিশের অ-জরুরি ফোন নম্বর ৯০৫-৪৫৩-৩৩১১-এ প্রতি বছর প্রায় ২ লাখ ৭৩ হাজারেরও বেশি কল আসে। এটি পিলের কমিউনিকেশন্স সেন্টারে আসা মোট কলের প্রায় এক-তৃতীয়াংশ। গত কয়েক বছরে এই চাপ আরও বেড়েছে। ২০২০ সালের তুলনায় অ-জরুরি কলের সংখ্যা প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক সময় সাধারণ তথ্যসংক্রান্ত বা কম গুরুত্বপূর্ণ কলের কারণে অপারেটরদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়, যা জরুরি পরিস্থিতির সাড়া দেওয়ার গতিকেও প্রভাবিত করতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবিলায়ই নতুন এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে অ-জরুরি নম্বর ৯০৫-৪৫৩-৩৩১১-এ কল করলে প্রথমে এআইভিত্তিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট কলটি গ্রহণ করবে। এরপর এটি কলারের সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মাধ্যমে জানতে চাইবে, তিনি কী ধরনের সহায়তা চান। প্রয়োজন অনুযায়ী এআই সিস্টেমটি প্রয়োজনীয় তথ্য সরাসরি জানাবে। অনলাইন রিপোর্টিং টুল ব্যবহারের পরামর্শ দেবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিউনিটি রিসোর্স বা সেবার দিকে নির্দেশনা দেবে। পরিস্থিতি অনুযায়ী কলটি একজন লাইভ পুলিশ কমিউনিকেশন অপারেটরের কাছে স্থানান্তর করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো কলার যদি শুরু থেকেই একজন মানব অপারেটরের সঙ্গে কথা বলতে চান, তাহলে তিনি যেকোনো সময় সেই অনুরোধ করতে পারবেন। অর্থাৎ এআই ব্যবস্থাটি মানবসেবার বিকল্প নয়; বরং সহায়ক প্রযুক্তি হিসেবে কাজ করবে।
পিল রিজিয়নাল পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, ৯১১ জরুরি সেবায় কোনো ধরনের এআই অপারেটর ব্যবহার করা হবে না। সব ৯১১ কল আগের মতোই প্রশিক্ষিত মানব অপারেটর গ্রহণ করবেন। তবে যদি ভুলবশত কোনো জরুরি বিষয় অ-জরুরি নম্বরে জানানো হয় এবং এআই সেটিকে জরুরি হিসেবে শনাক্ত করতে পারে, অথবা যদি কলারের বক্তব্য বুঝতে না পারে বা পরিস্থিতি বিশ্লেষণ করতে ব্যর্থ হয়, তাহলে কলটি কোনো বিলম্ব ছাড়াই সরাসরি একজন মানব অপারেটরের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
এই এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মোটোরোলা সলিউশানস-এর হাইপার প্ল্যাটফর্ম। পিল রিজিয়নাল পুলিশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ২০২৪ সালে এই প্রযুক্তির উন্নয়নকাজ শুরু হয়। দীর্ঘ পরীক্ষানিরীক্ষা ও উন্নয়নের পর এখন এটি বাস্তব সেবায় যুক্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, নতুন টুলটি তাদের বিদ্যমান কল-রেকর্ডিং এবং তথ্য সংরক্ষণের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। একই ধরনের প্রযুক্তি ইতোমধ্যে উত্তর আমেরিকার আরও কয়েকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও ব্যবহার শুরু করেছে।
পিল রিজিয়নাল পুলিশ বাসিন্দাদের উদ্দেশ্যে আবারও অনুরোধ জানিয়েছে জীবন-সংকট, দুর্ঘটনা, অপরাধ চলমান থাকা বা তাৎক্ষণিক পুলিশি সহায়তার প্রয়োজন হলে অবশ্যই ৯১১ নম্বরে কল করতে হবে। আর অ-জরুরি বিষয়, যেমন সাধারণ তথ্য, অতীতের কোনো ঘটনা জানানো বা অন্যান্য প্রশাসনিক সহায়তার জন্য ব্যবহার করতে হবে ৯০৫-৪৫৩-৩৩১১ নম্বর।
বিশ্বজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তাকে জনসেবার অংশ হিসেবে যুক্ত করছে। পিল রিজিয়নাল পুলিশের এই উদ্যোগও সেই ধারাবাহিকতার একটি অংশ। প্রতিদিন বিপুল সংখ্যক অ-জরুরি কলের কারণে মানব অপারেটরদের যে চাপ তৈরি হয়, এআই সেই চাপ কমিয়ে দ্রুত তথ্য সরবরাহ এবং সাধারণ অনুসন্ধানের উত্তর দিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
তবে পুলিশ একই সঙ্গে নিশ্চিত করেছে যে, জননিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানব অপারেটরের ভূমিকাই থাকবে প্রধান। অর্থাৎ এআই এখানে সহায়ক প্রযুক্তি হিসেবে কাজ করবে, কিন্তু জরুরি পরিস্থিতিতে চূড়ান্ত দায়িত্ব থাকবে প্রশিক্ষিত কর্মকর্তাদের হাতেই। এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে কানাডার অন্যান্য পুলিশ বিভাগেও একই ধরনের এআইভিত্তিক কল ব্যবস্থাপনা আরও বিস্তৃত আকারে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

