
হলিউড অভিনেত্রী গুইনেথ প্যালট্রো টিকটকে অভিষেকের পরই আলোচনায় এসেছেন। প্রথম ভিডিওতেই তাকে বিভিন্ন স্থানে ধারণ করা কয়েকটি দৃশ্যে দেখা যায়, যার মধ্যে বিছানা ও বাথটাবে ধারণ করা কিছু মুহূর্তও রয়েছে। ভিডিওজুড়ে তিনি বারবার বলেন, “এক সেকেন্ড, আমি শুধু একটা টিকটক করছি।” একই বাক্য তিনি বিভিন্ন ভাষাতেও উচ্চারণ করেন।
ভিডিওটির ঝলক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেন অস্কারজয়ী এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, “মনে হচ্ছে, আমি এখন টিকটকে আছি।”
ভিডিওতে হেলিকপ্টার, নৌকা, বাগান ও ব্যক্তিগত বিমানে বসেও তাকে একই সংলাপ বলতে দেখা যায়। গুইনেথ বর্তমানে তার ওয়েলনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড গুপ পরিচালনা করছেন।
গত বছর তিনি ‘মার্টি সুপ্রিম’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় ফেরেন। সিনেমাটির শুটিংয়ের সময় সহ-অভিনেতা টিমোথি শ্যালামের সঙ্গে একটি চুম্বনের দৃশ্যের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। পরে এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে রসিকতাও করেন।
এদিকে চলতি বছরের জুনে ইসরায়েলের একটি বিলাসবহুল আবাসন প্রকল্পের বিজ্ঞাপনে অংশ নেওয়ার পরও সমালোচনার মুখে পড়েন গুইনেথ প্যালট্রো। সামাজিক মাধ্যমে অনেকে ওই প্রচারণা নিয়ে ভিন্নমত প্রকাশ করেন।
ব্যক্তিগত জীবনে গুইনেথ প্যালট্রোর সাবেক স্বামী কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিনের সঙ্গে দুই সন্তান রয়েছে। ২০১৮ সাল থেকে তিনি টেলিভিশন প্রযোজক ব্র্যাড ফ্যালচুকের সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন।

