
বিশ্বকাপ ফাইনালের আর মাত্র দুই দিন বাকি। স্পেনের কোটি সমর্থক যখন শিরোপার অপেক্ষায় প্রহর গুনছেন, তখন নিউইয়র্কে মা শিলা ইবানা ও প্রেমিকা ইনেস গার্সিয়াকে নিয়ে স্বস্তির সময় কাটাতে দেখা গেছে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে।
ফাইনালের আগে মানসিক চাপ কমাতে অনুশীলনের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। নিউইয়র্কের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা, কেনাকাটা এবং সাধারণ মানুষের মতো রাস্তায় হট ডগ খেতে দেখা গেছে তাকে।
ফিফথ অ্যাভিনিউয়ে বিলাসবহুল ব্র্যান্ডের দোকানের সামনে ছবি তুলেছেন ইয়ামালের মা। ফুটবল ক্যারিয়ারের শুরুতে ছেলের স্বপ্ন পূরণে তার কঠোর পরিশ্রমের স্মৃতির সঙ্গে বর্তমান সাফল্যের এই মুহূর্তকে বিশেষভাবে দেখছেন অনেকেই।
ইয়ামালের সঙ্গে রয়েছেন তার প্রেমিকা ইনেস গার্সিয়াও। সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসার পর এই প্রথম বড় কোনো আন্তর্জাতিক আসরের আগে একসঙ্গে সময় কাটাতে দেখা গেল এই জুটিকে।
ইয়ামালের ঘনিষ্ঠ সূত্রের দাবি, পরিবারের সঙ্গে কাটানো এই স্বস্তির মুহূর্তগুলোই ফাইনালের আগে তার মানসিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ। আগামী রোববার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবেন তিনি। স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা এনে দেওয়াই এখন এই তরুণ তারকার প্রধান লক্ষ্য।

