
বলিউড অভিনেত্রী মৌনী রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু ও টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানির সঙ্গে তাকে একটি রেস্তোরাঁ থেকে বের হতে দেখা গেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে সেই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অর্জুন।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে অনেকেই দাবি করেন, মৌনী ও অর্জুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যদিও মৌনী রায় প্রকাশ্যে অর্জুনকে তার ঘনিষ্ঠ বন্ধু বলেই উল্লেখ করেছেন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অর্জুন বিজলানি। তিনি বলেন, “নারী-পুরুষের সম্পর্ক মানেই প্রেম নয়। ১৫ বছরের বন্ধুত্ব হঠাৎ করে প্রেমে পরিণত হয় না।”
তিনি আরও বলেন, চটকদার ও বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ভুল ধারণা ছড়ানো হতাশাজনক। শুধু লাইক ও ভিউ বাড়ানোর জন্য এমন গুঞ্জন ছড়ানো থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।
জানা গেছে, সাম্প্রতিক ব্যক্তিগত সংকটের সময়ে বন্ধু হিসেবে মৌনী রায়ের পাশে রয়েছেন অর্জুন বিজলানি। তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ বলে স্পষ্ট করেছেন এই অভিনেতা।

