
ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২৪০ মিটার (৭ হাজার ৩৫০ ফুট) উঁচুতে অবস্থিত এই স্টেডিয়ামের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ইংলিশ ফুটবলারদের ভায়াগ্রা ট্যাবলেট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের অনুমোদনের পর দলটির চিকিৎসকরা খেলোয়াড়দের জন্য এ পদ্ধতি বিবেচনা করেছেন। লক্ষ্য একটাই—উচ্চতার কারণে বাতাসে অক্সিজেনের স্বল্পতার প্রভাব কমিয়ে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখা।
আজতেকা স্টেডিয়ামে দীর্ঘদিন ধরেই প্রতিপক্ষ দলগুলোর জন্য খেলাটা কঠিন হয়ে উঠেছে। এই ভেন্যুতে মেক্সিকো ৮৯ ম্যাচের মধ্যে মাত্র দুটি হেরেছে এবং বিশ্বকাপে এখনো অপরাজিত রয়েছে।
ভায়াগ্রা মূলত পুরুষদের ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় ব্যবহৃত হলেও এটি রক্তনালি প্রসারিত করে রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে। কিছু গবেষণায় ধারণা করা হয়েছে, উচ্চতাজনিত কম অক্সিজেনের পরিবেশে এটি শরীরের অভিযোজন প্রক্রিয়ায় সীমিত সহায়তা করতে পারে। তবে এটি পারফরম্যান্স বাড়ানোর নিশ্চিত উপায়—এমন বৈজ্ঞানিক প্রমাণ এখনো প্রতিষ্ঠিত হয়নি।
এদিকে, বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা (WADA) ভায়াগ্রাকে নিষিদ্ধ ওষুধের তালিকায় রাখেনি। ফলে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনে প্রতিযোগিতার আগে এটি ব্যবহার করা নিয়মবহির্ভূত নয়।
তবে ইংল্যান্ডের খেলোয়াড়রা শেষ পর্যন্ত ভায়াগ্রা গ্রহণ করবেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলটির পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

