
কিলিয়ান এমবাপ্পে ও তার বান্ধবী
চোটের কারণে মাঠের বাইরে কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যেই বান্ধবীর সঙ্গে নাইটক্লাবে সময় কাটানো এবং সুইস আল্পসে সাইক্লিংয়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনায় ফরাসি তারকা। বিষয়টি ভালোভাবে নেননি রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও। সতর্ক করে দিয়েছেন এমবাপ্পেকে।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, এ নিয়ে এমবাপ্পের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন মরিনিও। মঙ্গলবার ভালদেবেবাসে সকালের নাশতার সময় ফরাসি তারকার সঙ্গে আলাদাভাবে কথা বলেন রিয়াল কোচ। সেখানে দলের প্রতি তার প্রত্যাশা ও এমবাপ্পের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কথা স্পষ্টভাবে জানান তিনি।
গত ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান এমবাপ্পে। এরপর তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। এর মধ্যেই প্যারিসের একটি নাইটক্লাবে বান্ধবী এসতের এক্সপোসিতোর সঙ্গে সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি সুইস আল্পসে তার সাইক্লিংয়ের ভিডিও নিয়েও শুরু হয় আলোচনা।
স্প্যানিশ অনুষ্ঠান ‘এল চিরিংগিতো’র দাবি, প্রকাশ্যে এমবাপ্পের পাশে থাকলেও দলের অভ্যন্তরে তার এমন কর্মকাণ্ড নিয়ে সন্তুষ্ট নন মরিনিও। কোচ নাকি স্পষ্ট করে দিয়েছেন, চোটের সময় নিজের শারীরিক অবস্থার পাশাপাশি দলের প্রতি পেশাদার দায়িত্বের বিষয়টিও মাথায় রাখতে হবে এমবাপ্পেকে।
চোট কাটিয়ে সোমবার ব্যক্তিগত অনুশীলনে ফিরেছিলেন এমবাপ্পে। ধারণা করা হচ্ছিল, শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন তিনি। কিন্তু মঙ্গলবার সতীর্থদের সঙ্গে দলীয় অনুশীলনে দেখা যায়নি তাকে। ফলে ভিয়ারিয়ালের বিপক্ষে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
তবে এমবাপ্পেকে নিয়ে এর আগেও সমালোচনার সময় পাশে দাঁড়িয়েছিলেন মরিনিও। কয়েক সপ্তাহ আগে তিনি বলেছিলেন, যে খেলোয়াড় এক মৌসুমে ৪০ গোল করতে পারে, তাকে দলের জন্য সমস্যা হিসেবে দেখা উচিত নয়।
কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। মাঠের বাইরে এমবাপ্পের জীবনযাপন নিয়ে আলোচনা যখন বাড়ছে, তখন কোচের সতর্কবার্তাও এসেছে সরাসরি। ফলে মাঠে ফেরার আগে রিয়াল তারকাকে নিজের আচরণ নিয়ে কতটা সতর্ক হতে হয়, সেটিই এখন দেখার বিষয়।

