
বিশ্বকাপের ম্যাচের ফল নিয়ে ধারাবাহিকভাবে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা জ্যোতিষী বিড়াল মিলু এবার ব্রাজিল নরওয়ে শেষ ষোলোর ম্যাচেও নিজের পছন্দ জানিয়ে দিয়েছে
বিশ্বকাপের ম্যাচের ফল নিয়ে ধারাবাহিকভাবে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা ‘জ্যোতিষী’ বিড়াল মিলু এবার ব্রাজিল-নরওয়ে শেষ ষোলোর ম্যাচেও নিজের পছন্দ জানিয়ে দিয়েছে। তার পূর্বাভাস, নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে ব্রাজিল।
এর আগে এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল নিয়ে মিলুর পূর্বাভাস সঠিক ছিল। তবে শনিবার আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো তার ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়।
মিলুর মালিক নাতান পিনহেইরোর দাবি, ম্যাচের আগে দুটি একই ধরনের খাবারের বাটির পেছনে দুই দলের পতাকা রাখা হয়। এরপর মিলুকে ছেড়ে দিলে সে যে বাটি থেকে খাবার খায়, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়। ব্রাজিল-নরওয়ে ম্যাচের ক্ষেত্রে মিলু ব্রাজিলের বাটিই বেছে নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্রাজিল সমর্থক মিলুর পূর্বাভাস নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তবে সমালোচকদের দাবি, বিড়ালটিকে নির্দিষ্ট বাটির দিকে পরিচালিত করা হতে পারে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন নাতান। তার ভাষ্য, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ এবং মিলু নিজেই কোনো প্রভাব ছাড়াই নিজের পছন্দের বাটি নির্বাচন করে।
তবে এটি কেবল একটি বিনোদনমূলক পূর্বাভাস। ম্যাচের প্রকৃত ফল নির্ধারণ হবে মাঠের লড়াইয়েই। এখন দেখার বিষয়, মিলুর সর্বশেষ ভবিষ্যদ্বাণীও শেষ পর্যন্ত সত্যি হয় কি না।

