রোনাল্ডোকে কাছ থেকে দেখার সৌভাগ্য

রোনাল্ডোকে কাছ থেকে দেখার সৌভাগ্য - the Bengali Times
মোস্তফা আকন্দ

বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আজ বিকেলে কয়েক সেকেন্ডের জন্য হলেও কাছ থেকে দেখার সুযোগ পেলাম। মাঠে বসে তাঁর খেলা দেখার মতো দামী টিকিট কেনা আমার পক্ষে সম্ভব নয়। তাই বলা যায়, দুধের সাধ ঘোলে মিটল।

কানাডা ডে উপলক্ষে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে টরন্টোর ইটোবিকোকের সেন্টেনিয়াল পার্কে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ দেখি অসংখ্য মানুষ একটি পর্দা দিয়ে ঘেরা মাঠের দিকে দৌড়াচ্ছে এবং উচ্ছ্বাস প্রকাশ করছে।

- Advertisement -

আমার ছোট মেয়ে প্রথমে বলল, হয়তো বড় পর্দায় ফুটবল খেলা দেখানো হচ্ছে। কৌতূহলবশত একজনকে জিজ্ঞেস করতেই তিনি জানালেন, “ওখানে পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অনুশীলন করছেন।”

শুনে আর দেরি করিনি। দ্রুত সেদিকে এগিয়ে গেলাম।

গিয়ে দেখি, সত্যিই ফিফার জন্য প্রস্তুত করা একটি অনুশীলন মাঠে রোনাল্ডো অনুশীলন করছেন। মাঠের চারপাশে উঁচু বেড়া ও কালো কাপড় দিয়ে এমনভাবে ঘেরা ছিল যে ভেতরটা দেখা যায় না। তবুও শত শত মানুষ স্টেডিয়ামের গেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন, শুধু এক ঝলক রোনাল্ডোকে দেখার আশায়। আমিও আমার ছোট মেয়েকে নিয়ে সেই অপেক্ষমাণ দর্শকদের সঙ্গে দাঁড়িয়ে রইলাম।

অনুশীলন শেষে মাঠ থেকে বের হয়ে বাসে ওঠার আগে রোনাল্ডো কয়েক সেকেন্ডের জন্য বাইরে দাঁড়িয়ে থাকা দর্শকদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। মুহূর্তটি ছিল সত্যিই স্মরণীয়।

ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির কারণে ভিডিওটি খুব ভালোভাবে ধারণ করতে পারিনি। তারপরও স্মৃতিটুকু বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করার জন্য ভিডিওটি শেয়ার করলাম।

আগামীকাল সন্ধ্যা ৭টায় নকআউট পর্বে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার ম্যাচ টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সম্ভবত সেই ম্যাচকে সামনে রেখেই আজ রোনাল্ডো অনুশীলনের জন্য এসেছিলেন।

টরন্টো স্টারের এক প্রতিবেদনে দেখলাম, আগামীকালের পর্তুগাল–ক্রোয়েশিয়া ম্যাচের টিকিট সেকেন্ডারি মার্কেটে সর্বোচ্চ ২৪ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত বিক্রি হচ্ছে।

আমি অবশ্য কোনো টিকিট ছাড়াই বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে কাছ থেকে দেখার সৌভাগ্য অর্জন করেছি। সেটাও তো কম আনন্দের নয়!

টরন্টো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles