
কলম্বিয়ার রাজধানী বোগোতার একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে স্যুটকেসবন্দি অবস্থায় জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাটালিয়া ভিয়ালবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ
কলম্বিয়ার রাজধানী বোগোতার একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে স্যুটকেসবন্দি অবস্থায় জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাটালিয়া ভিয়ালবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ফ্ল্যাটের বাথরুমে রাখা একটি ট্রাভেল স্যুটকেসের ভেতর থেকে নাটালিয়ার মরদেহ উদ্ধার করেন এক পরিচ্ছন্নতাকর্মী। পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।
হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে ম্যাথিউ অ্যাশলে ফস্টার-স্মিথ নামে এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ঘটনার পর তিনি ভুয়া পরিচয় ও জাল পাসপোর্ট ব্যবহার করে কলম্বিয়া ছেড়ে ইকুয়েডরে পালিয়ে যান।
কলম্বিয়া, ইকুয়েডর ও যুক্তরাজ্যের ডরসেট পুলিশের যৌথ অভিযানে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত ২৬ জুন কিতো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নাটালিয়া ফ্ল্যাটে একা থাকার সময় অভিযুক্ত সেখানে প্রবেশ করে তাকে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে প্রমাণ নষ্টের উদ্দেশ্যে মরদেহ স্যুটকেসে ভরে বাথরুমে লুকিয়ে রাখা হয়।
তদন্তকারীরা জানান, সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে ফ্ল্যাট থেকে বিছানার চাদরসহ কিছু জিনিস সরিয়ে নিতে দেখা গেছে। নাটালিয়া গত ৩ জুন থেকে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন। ২১ জুনের মধ্যে তার ফ্ল্যাট ছাড়ার কথা ছিল। পরদিন পরিষ্কার করতে গিয়ে কর্মী স্যুটকেসের ভেতর মরদেহ দেখতে পান।
তবে গ্রেফতারের আগে ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথিউ হত্যার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি একটি বারে ফুটবল ম্যাচ দেখছিলেন।
ব্রিটিশ পুলিশের তথ্য অনুযায়ী, ম্যাথিউয়ের বিরুদ্ধে আগেও অপরাধের অভিযোগ রয়েছে। ২০২৩ সালে এক ব্যক্তিকে হয়রানির দায়ে তিনি দুই বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন। বর্তমানে নাটালিয়া হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।

