
ফুটবলের প্রতি ভালোবাসা অনেক সময় ভক্তদের এমন কিছু করতে বাধ্য করে যা হয়ে ওঠে আলোচনার বিষয়
ফুটবলের প্রতি ভালোবাসা অনেক সময় ভক্তদের এমন কিছু করতে বাধ্য করে, যা হয়ে ওঠে আলোচনার বিষয়। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ দেখতে এক জর্ডানি সমর্থকের এমনই কাণ্ড নজর কেড়েছে সবার।
ম্যাচের টিকিটের দাম ছিল বেশ চড়া। তবুও প্রিয় তারকা লিওনেল মেসির খেলা মাঠে বসে দেখার স্বপ্ন পূরণ করতে ওই ভক্ত নিজের উট বিক্রি করে টিকিট কিনেছেন বলে দাবি করেছেন।
টেক্সাসের ড্যালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে তাকে একটি প্ল্যাকার্ড হাতে দেখা যায়। সেখানে লেখা ছিল—‘এই টিকিটের জন্য আমরা আমাদের উট বিক্রি করে দিয়েছি।’ প্ল্যাকার্ডে জর্ডানের পতাকার পাশাপাশি পাগড়ি পরা একটি উটের ছবিও ছিল। পাশে লেখা ছিল, ‘ওর্থ ইট’—অর্থাৎ সবকিছুই সার্থক।
ম্যাচে জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে ইতিহাস গড়ে। শেষ পর্যন্ত ৩-১ গোলে হারলেও বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে গোল করার স্মৃতি নিয়ে মাঠ ছাড়ে তারা।
জর্ডানের ওই ভক্তের জন্যও দিনটি হয়ে থাকে বিশেষ। মেসির খেলা দেখতে করা তার ত্যাগ ফুটবলপ্রেমের এক অনন্য উদাহরণ হয়ে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

