মেয়ের মৃত্যুর জন্য দায়ী প্রেমিককেই ঘরে তুললেন মা-বাবা, ক্ষমা করে বললেন ‘তোমাকে ভালোবাসি’

মেয়ের মৃত্যুর জন্য দায়ী প্রেমিককেই ঘরে তুললেন মা-বাবা, ক্ষমা করে বললেন ‘তোমাকে ভালোবাসি’ - the Bengali Times
মেয়ের মৃত্যুর জন্য দায়ী প্রেমিক নিককে তাঁরা প্রতিশোধের বদলে দিয়েছেন ভালোবাসা

যে মানুষটির বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী মেয়ে, সেই মানুষকেই কি ক্ষমা করা যায়? শুধু ক্ষমাই নয়, নিজের বাড়িতে আশ্রয় দিয়ে ছেলের মতো আপন করে নেওয়া সম্ভব? অবিশ্বাস্য হলেও যুক্তরাজ্যের গিল্ডফোর্ডে এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন এলিজাবেথ ও ফার্নান্দো দম্পতি। মেয়ের মৃত্যুর জন্য দায়ী প্রেমিক নিককে তাঁরা প্রতিশোধের বদলে দিয়েছেন ভালোবাসা। এমনকি মেয়ের মৃত্যুর মাত্র দুই দিন পর তাঁকে বুকে জড়িয়ে বলেছেন, ‘আমি তোমাকে ক্ষমা করে দিলাম, বাবা।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ২০১৭ সালের ২২ মার্চের। আগের রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন দম্পতির মেয়ে মারিয়া। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিক নিক। রাতে মদ্যপানের পর গাড়ির চালকের আসনে বসেন নিক। ঘণ্টায় ৫০ মাইল গতিসীমার সড়কে তিনি গাড়ি চালাচ্ছিলেন ঘণ্টায় ১১০ মাইল বেগে।

- Advertisement -

একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়ি থেকে ছিটকে পড়ে প্রাণ হারান মারিয়া। তবে অক্ষত অবস্থায় বেঁচে যান নিক।

মেয়ের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন বাবা ফার্নান্দো। প্রথমে তাঁর মনে হয়েছিল, নিককে হত্যা করবেন। অন্যদিকে মা এলিজাবেথের মনে জন্ম নেয় ভিন্ন এক অনুভূতি। তাঁর মনে হয়েছিল, মারিয়া আর নেই, কিন্তু নিকও তো এই দুর্ঘটনায় বিপর্যস্ত। তাঁর পরিবার থাকে সিঙ্গাপুরে। এমন কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মতো আপনজনও তাঁর কাছে নেই।

‘নিক, আমি তোমাকে ভালোবাসি’

পুলিশি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর নিক আশ্রয় নিয়েছিলেন একটি গির্জার যাজকের বাড়িতে। সেখানেই তাঁকে ফোন করেন এলিজাবেথ। ফোন ধরতেই তিনি নিককে বলেন, ‘নিক, আমি শুধু তোমাকে জানাতে চাই, আমি তোমাকে ভালোবাসি।’

এলিজাবেথের এমন আচরণে প্রথমে বিস্মিত হয়ে যান নিক। ধীরে ধীরে বদলে যান মারিয়ার বাবা ফার্নান্দোও। মেয়ের মৃত্যুর দুই দিন পর নিক তাঁদের বাড়িতে গেলে নিজের অপরাধের জন্য ক্ষমা চান। তখন ফার্নান্দো তাঁকে বুকে জড়িয়ে ধরে বলেন, ‘আমি তোমাকে ক্ষমা করে দিলাম, বাবা।’

এরপর থেকে নিককে নিজেদের ছেলের মতোই দেখতে শুরু করেন তাঁরা।

মেয়ের মৃত্যুর চার মাস পর একই ছাদের নিচে

মারিয়ার মৃত্যুর চার মাস পর নিক তাঁদের বাড়িতে থাকতে শুরু করেন। প্রায় ছয় সপ্তাহ তাঁদের সঙ্গে ছিলেন তিনি। এই সময়ে তাঁকে একা থাকতে দেননি এলিজাবেথ ও ফার্নান্দো। কারণ, দুর্ঘটনার পর নিক আত্মহত্যার কথাও ভেবেছিলেন।

এলিজাবেথ মনে করেন, নিকের পাশে দাঁড়ানো তাঁকে নিজের শোক সামলাতেও সাহায্য করেছে। মেয়েকে হারানোর বেদনা ভুলে যাওয়া সম্ভব না হলেও ঘৃণা ও প্রতিশোধের পরিবর্তে ভালোবাসাকে বেছে নিয়েছিলেন তাঁরা।

তবে নিককে ক্ষমা করলেও আইনি বিচার বন্ধ করেননি মারিয়ার মা-বাবা। ২০১৭ সালের নভেম্বরে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো এবং বিমাবিহীন গাড়ি চালানোর দায় স্বীকার করেন নিক। আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার সময় আদালতেই কান্নায় ভেঙে পড়েন এলিজাবেথ। এরপর কারাগারে থাকার সময়ও প্রতি সপ্তাহে নিককে দেখতে যেতেন তাঁরা।

এখনো রয়েছে পারিবারিক সম্পর্ক

২০১৯ সালে প্রায় দুই বছর সাজা ভোগের পর মুক্তি পেয়ে সিঙ্গাপুরে ফিরে যান নিক। সেখানে বিয়ে করেন তিনি। বর্তমানে তিন সন্তানের বাবা। তবে মারিয়ার মা-বাবার সঙ্গে তাঁর সম্পর্ক এখনো অটুট। নিয়মিত তাঁদের সঙ্গে কথা বলেন। নিক তাঁদের ডাকেন ‘পাপি’ ও ‘মাম’ বলে। তাঁকে দেখতে সিঙ্গাপুরেও যান এলিজাবেথ ও ফার্নান্দো।

এলিজাবেথের বিশ্বাস, ঘৃণার বদলে ভালোবাসা দিয়ে এই ভয়াবহ ঘটনার মোকাবিলা করাই তাঁদের বেঁচে থাকার শক্তি জুগিয়েছে। তাঁর মতে, ক্ষমা করা সহজ নয়। কিন্তু প্রতিশোধের আকাঙ্ক্ষা আঁকড়ে থাকলে তাঁদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠত।

মেয়েকে হারানোর ক্ষত কোনো দিন মুছে যাবে না। তবু সেই মৃত্যুর জন্য দায়ী মানুষটিকেও আপন করে নিয়ে ভালোবাসার যে দৃষ্টান্ত তাঁরা তৈরি করেছেন, তা বিরল মানবিকতার এক গল্প হয়ে রয়ে গেছে।

 

 

⋮⋮⋮⋮

- Advertisement -

Related Articles

Latest Articles