
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি নেপাল সফরের বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি।
কয়েক দিন আগে ‘আই লাভ ইউ’ লেখা একটি বেলুন হাতে তোলা ছবি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ জুন রাতে প্রভা আরও একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁর হাতের সঙ্গে আরেকজনের হাত দেখা যায়। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আই লাভ ইউ টু’।
পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ধারণা করছেন, অভিনেত্রী নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন। তবে এ বিষয়ে প্রভা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। পরে তিনি পোস্টটি মুছে ফেলেন, যা গুঞ্জনকে আরও উসকে দেয়।
উল্লেখ্য, প্রভা এর আগে জিয়াউল ফারুক অপূর্ব এবং পরে মাহমুদ শান্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও উভয় সম্পর্কই বিচ্ছেদে শেষ হয়। বর্তমানে নতুন সম্পর্কের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য না থাকলেও সামাজিক মাধ্যমে তাঁর সাম্প্রতিক পোস্টগুলো ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

