বাজেটে সীমিত মাত্রায় সম্পদ কর বৃদ্ধির নেপথ্যে

বাজেটে সীমিত মাত্রায় সম্পদ কর বৃদ্ধির নেপথ্যে - the Bengali Times
সিটির বাজেট প্রধান শেলি ক্যারোল ধারাবাহিকভাবে বলে আসছেন এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে নাগরিকদের ক্রয়ক্ষমতার ওপর

টরন্টো সিটির মেয়র অলিভিয়া চাউ ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার সময় স্পষ্ট করে বলেছিলেন, মেয়র হিসেবে তার প্রথম বাজেট উপস্থাপনের আগে তিনি সম্পদ কর কতটা বাড়তে পারে সে বিষয়ে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে পারবেন না। তার ভাষায়, সিটির আর্থিক চাহিদা ও অগ্রাধিকার বিবেচনায় নিয়েই কর বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর প্রতিফলন দেখা যায় তার প্রথম বাজেটেই। একত্রীকরণের পর টরন্টো সিটির ইতিহাসে সে বাজেটে সম্পদ কর সবচেয়ে বেশি বৃদ্ধি পায় ৯ দশমিক ৫ শতাংশ। নগরীর ‘রোগগ্রস্ত’ বা দুর্বল অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এই কর বৃদ্ধি জরুরি ছিল বলে সে সময় মন্তব্য করেছিলেন মেয়র চাউ। সিটি পরিষেবা টিকিয়ে রাখা, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘদিনের আর্থিক ঘাটতি সামাল দিতেই এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছিল সিটি কর্তৃপক্ষ।

- Advertisement -

আগামী ২০২৬ সালের অক্টোবরে পরবর্তী মিউনিসিপাল নির্বাচনের আগে মেয়র হিসেবে এটি হবে অলিভিয়া চাউয়ের তৃতীয় বাজেট। তবে এবারের বাজেটের ভঙ্গি আগের চেয়ে ভিন্ন হতে যাচ্ছে এমন ইঙ্গিত মিলছে সিটি হলের শীর্ষ পর্যায় থেকে।

সিটির বাজেট প্রধান শেলি ক্যারোল ধারাবাহিকভাবে বলে আসছেন, এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে নাগরিকদের ক্রয়ক্ষমতার ওপর। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, আবাসন সংকট এবং দৈনন্দিন খরচের চাপের মধ্যে সাধারণ মানুষের ওপর নতুন করে অতিরিক্ত বোঝা চাপানো এড়াতেই এই দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

মেয়র চাউ নিজেও বাজেট উপস্থাপনের আগে নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা নিয়ে মন্তব্য করতে নারাজ। তবে শেলি ক্যারোল জানিয়েছেন, সীমিত পরিসরে সম্পদ কর বৃদ্ধির সম্ভাবনা নিয়ে কাজ করা হচ্ছে এবং এই বৃদ্ধি যেন যথাসম্ভব কম রাখা যায়, সে জন্য সব ধরনের চেষ্টা চলছে। সিটি প্রশাসনের ভেতরে খরচ কমানোর নানা বিকল্প খতিয়ে দেখা হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

এরই অংশ হিসেবে কয়েক মাস আগে সিটি কর্তৃপক্ষ অনাবশ্যক পদে নতুন কর্মী নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নেয়। প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণে রাখতে এবং বাজেটের চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়।

এছাড়া, গত ১৩ নভেম্বর সিটি কাউন্সিলের এক সভায় শেষ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন মেয়র চাউ। তিনি টরন্টো পার্কিং অথরিটি (টিপিএ)-এর বোর্ড বাতিল করে সেখানে অবেতন সিটি কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন। এই সিদ্ধান্ত সিটি প্রশাসনে দক্ষতা বাড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

পরদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র চাউ বলেন, মাঝারি আকারের সংস্থাগুলোর পর্ষদ বাতিলের এই আকস্মিক সিদ্ধান্ত ২০২৬ সালের বাজেটের আগে দক্ষতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ছিল। তিনি বলেন, “আমাদের প্রতিটি ডলার খুঁজে দেখতে হবে।” তার এই মন্তব্য থেকে স্পষ্ট, আসন্ন বাজেটে কর বৃদ্ধির পরিবর্তে ব্যয় সংকোচন ও কাঠামোগত সংস্কারের ওপরই বেশি জোর দিতে চায় বর্তমান সিটি প্রশাসন।

সব মিলিয়ে, ২০২৬ সালের বাজেটকে সামনে রেখে টরন্টো সিটি কর্তৃপক্ষ একদিকে যেমন আর্থিক শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্ব দিচ্ছে, অন্যদিকে তেমনি নাগরিকদের ওপর অতিরিক্ত করের চাপ কম রাখার চেষ্টা করছে। নির্বাচনের আগে এই বাজেট কতটা জনবান্ধব ও বাস্তবসম্মত হয়, সেটাই এখন দেখার বিষয়।

- Advertisement -

Related Articles

Latest Articles