
শীত মৌসুমে বিদ্যুতের খরচ কমাতে নতুন মূল্যহার কার্যকর করছে কানাডার অন্টারিও প্রদেশ। আগামী ১ নভেম্বর থেকে অন্টারিও ইলেকট্রিসিটি রিবেটের (ওইআর) হার কমে ১৫ দশমিক ৭ শতাংশে দাঁড়াবে। বর্তমানে প্রচলিত হারের তুলনায় এটি প্রায় ৮ শতাংশ কম। তবে রেয়াতের হার কমলেও বিদ্যুতের ব্যবহারের ওপর নির্ধারিত মূল্যহার কমানোর ফলে গ্রাহকদের মাসিক বিলে স্বস্তি আসবে বলে জানিয়েছে প্রাদেশিক সরকার।
নতুন এই ব্যবস্থা আবাসিক গ্রাহক, ছোট ব্যবসাপ্রতিষ্ঠান এবং খামার সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সরকারের হিসাব অনুযায়ী, মাসে ৭০০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করেন এমন গ্রাহকদের বিল প্রায় ২৩ ডলার কমতে পারে। অন্টারিওর জ্বালানিমন্ত্রী স্টিফেন লেচির মুখপাত্র নোয়াহ মাউয়ি এক বিবৃতিতে বলেন, প্রদেশের পরিবারগুলোর জন্য বিদ্যুতের ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি পরিবারপ্রতি বছরে ২৭৫ ডলারের জ্বালানি রেয়াতও অব্যাহত থাকবে।
সরকারি ব্যাখ্যা অনুযায়ী, ওইআর-এর হার কমে যাওয়াকে সরাসরি বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার সংকেত হিসেবে দেখার সুযোগ নেই। গত পাঁচ বছরে এই রেয়াতের হার ১৩ দশমিক ১ শতাংশ থেকে ২৩ দশমিক ৫ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। বিদ্যুতের মূল্যহার সমন্বয়ের পর গ্রাহকদের সামগ্রিক বিলের পরিবর্তন আগের বছরগুলোর প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্টারিওর গ্রাহকেরা বিদ্যুৎ ব্যবহারের জন্য তিনটি নিয়ন্ত্রিত মূল্য পরিকল্পনার যেকোনো একটি বেছে নিতে পারেন। নতুন সিদ্ধান্তে প্রতিটি পরিকল্পনার আওতায় প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের দাম কমানো হচ্ছে।
টাইম-অব-ইউজ পরিকল্পনা: এই ব্যবস্থায় দিনের বিভিন্ন সময়ে বিদ্যুতের চাহিদার ভিত্তিতে মূল্য নির্ধারিত হয়। অফ-পিক সময়ে প্রতি কিলোওয়াট-ঘণ্টার দাম ৯ দশমিক ৮ সেন্ট থেকে কমে ৯ দশমিক ১ সেন্ট হবে। মিড-পিক সময়ে মূল্য ১৫ দশমিক ৭ সেন্ট থেকে কমে ১৪ দশমিক ৬ সেন্ট এবং পিক সময়ে ২০ দশমিক ৩ সেন্ট থেকে কমে ১৮ দশমিক ৯ সেন্টে দাঁড়াবে।
আল্ট্রা-লো-ওভারনাইট পরিকল্পনা: রাতে বিদ্যুতের চাহিদা কম থাকার সময় এই পরিকল্পনায় সবচেয়ে কম দামে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ থাকে। নতুন হার অনুযায়ী, ওই সময়ে প্রতি কিলোওয়াট-ঘণ্টার দাম ৩ দশমিক ৯ সেন্ট থেকে কমে ৩ সেন্ট হবে। অফ-পিক সময়ে মূল্য ৯ দশমিক ৮ সেন্ট থেকে কমে ৯ দশমিক ১ সেন্ট, মিড-পিক সময়ে ১৫ দশমিক ৭ সেন্ট থেকে কমে ১৪ দশমিক ৬ সেন্ট এবং পিক সময়ে ৩৯ দশমিক ১ সেন্ট থেকে কমে ৩৭ দশমিক ৭ সেন্ট হবে।
টিয়ার্ড পরিকল্পনা: এই ব্যবস্থায় নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য এক ধরনের মূল্যহার এবং সীমা অতিক্রম করলে ভিন্ন হার প্রযোজ্য হয়। নতুন নিয়মে মাসে প্রথম ১ হাজার কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের জন্য প্রতি ইউনিটের দাম হবে ১১ দশমিক ২ সেন্ট। আগে এই হার ছিল ১২ দশমিক ০ সেন্ট। নির্ধারিত সীমার অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে প্রতি কিলোওয়াট-ঘণ্টার দাম ১৪ দশমিক ২ সেন্ট থেকে কমে ১৩ দশমিক ২ সেন্ট হবে।
নতুন মূল্যহার কার্যকর হলে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ও সময় অনুযায়ী গ্রাহকেরা ভিন্ন মাত্রায় সাশ্রয়ের সুযোগ পাবেন। বিশেষ করে যারা অফ-পিক সময়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁরা তুলনামূলক কম হারে বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পেতে পারেন। অন্যদিকে, বিদ্যুতের ব্যবহার, নির্বাচিত মূল্য পরিকল্পনা এবং প্রযোজ্য রেয়াতের ওপর নির্ভর করবে প্রতিটি পরিবারের প্রকৃত সাশ্রয়ের পরিমাণ। তাই নতুন হার কার্যকর হওয়ার পর গ্রাহকদের বিলের সঙ্গে আগের মাসগুলোর বিল তুলনা করে প্রকৃত পরিবর্তন বোঝা যাবে।
শীত মৌসুমে ঘর গরম রাখা ও দৈনন্দিন বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যয় বাড়ার আশঙ্কার মধ্যে অন্টারিও সরকারের এই উদ্যোগ পরিবার ও ক্ষুদ্র ব্যবসার জন্য কিছুটা আর্থিক স্বস্তি নিয়ে আসতে পারে।
সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

