সাশ্রয়ী বাড়ি পাওয়া এখনো কঠিন

সাশ্রয়ী বাড়ি পাওয়া এখনো কঠিন - the Bengali Times
শহরের দুই তৃতীয়াংশের কাছাকাছি মানুষের কাছে সাশ্রয়ী আবাসন পাওয়া কঠিন

কানাডার টরন্টোতে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনা ও ভাড়া পাওয়ার পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে বলে মনে করছেন বাসিন্দারা। তবে এখনো শহরের দুই-তৃতীয়াংশের কাছাকাছি মানুষের কাছে সাশ্রয়ী আবাসন পাওয়া কঠিন। কানাডা পালস ইনসাইটের নতুন এক সমীক্ষায় উঠে এসেছে এমন চিত্র।

এক সমীক্ষা অনুযায়ী, টরন্টোর ৬৭ শতাংশ বাসিন্দা মনে করেন, তাঁদের কমিউনিটিতে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনা কঠিন। ২০২৫ সালের অক্টোবরে একই বিষয়ে পরিচালিত সমীক্ষায় এমন মত দিয়েছিলেন ৮৩ শতাংশ উত্তরদাতা। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ বিষয়ে নেতিবাচক ধারণা পোষণকারীর হার ১৬ শতাংশ কমেছে। ভাড়ার ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন দেখা গেছে। বর্তমানে টরন্টোর ৬২ শতাংশ বাসিন্দা মনে করেন, তাঁদের এলাকায় সাশ্রয়ী মূল্যে বাসা ভাড়া পাওয়া কঠিন। আগের সমীক্ষায় এই হার ছিল ৭৮ শতাংশ। তবে পরিস্থিতির এই পরিবর্তন সত্ত্বেও আবাসনসংকটের চাপ যে পুরোপুরি কাটেনি, তা সমীক্ষার ফলেই স্পষ্ট।

- Advertisement -

সমীক্ষার তথ্য অনুযায়ী, টরন্টোর ৬০ শতাংশ বাসিন্দার নিজস্ব বাড়ি রয়েছে। অন্যদিকে, ৩৪ শতাংশ বাসিন্দা ভাড়া বাসায় থাকেন। বাকি ৬ শতাংশের আবাসনের ব্যবস্থা অন্য ধরনের। নিজস্ব বাড়ি নেই, এমন বাসিন্দাদের মধ্যে প্রতি চারজনের প্রায় তিনজন মনে করেন, তাঁদের কমিউনিটিতে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনা বা ভাড়া নেওয়া কঠিন। বাড়ির মালিকদের মধ্যেও একই উদ্বেগ রয়েছে, যদিও তাঁদের ক্ষেত্রে এই হার তুলনামূলকভাবে কম ৬১ শতাংশ।

অন্যদিকে, নিজস্ব বাড়ি না থাকা বাসিন্দাদের ৭৩ শতাংশ মনে করেন, তাঁরা যে কমিউনিটিতে বসবাস করছেন, সেখানে কখনোই বাড়ির মালিক হতে পারবেন না। এক বছর আগে পরিচালিত সমীক্ষায় একই আশঙ্কার কথা জানিয়েছিলেন ৭৫ শতাংশ উত্তরদাতা। অর্থাৎ বাড়ির মালিক হওয়ার সম্ভাবনা নিয়ে হতাশা সামান্য কমলেও তা এখনো ব্যাপক।

টরন্টোর যেসব বাসিন্দার নিজস্ব বাড়ি নেই, তাঁদের সবার লক্ষ্য যে বাড়ি কেনা, তা নয়। সমীক্ষার তথ্য অনুযায়ী, এই জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশ ভাড়া বাসায় থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাঁরা বাড়ি কেনার কথা ভাবছেন না। এই গোষ্ঠীর মানুষের সংখ্যা টরন্টোর মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ। পোলস্টার জন রাইটের ভাষ্য অনুযায়ী, এই বাসিন্দাদের অনেকের বয়স ৫৫ বছর বা তার বেশি।

অন্যদিকে, টরন্টোর এমন একটি বড় জনগোষ্ঠী রয়েছে, যারা বাড়ি কিনতে চান, কিন্তু নিজেদের আর্থিক সামর্থ্য নিয়ে অনিশ্চিত। সমীক্ষা অনুযায়ী, শহরের ২৩ শতাংশ বাসিন্দা বাড়ি কিনতে আগ্রহী হলেও মনে করেন, বর্তমান পরিস্থিতিতে তাঁদের পক্ষে তা সম্ভব নয়। এই গোষ্ঠীর বড় অংশের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে, বিশেষ করে ৩৫ থেকে ৫৪ বছর বয়সীরা এখানে উল্লেখযোগ্য।

সমীক্ষার ফলাফল থেকে বোঝা যায়, টরন্টোতে সাশ্রয়ী আবাসন নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিতে কিছুটা পরিবর্তন এলেও বাড়ির মালিক হওয়ার সুযোগ এখনো অনেকের নাগালের বাইরে। একদিকে ভাড়ায় থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করা মানুষের একটি অংশ রয়েছে, অন্যদিকে বাড়ি কেনার ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে পড়ছেন অনেকে।

ফলে আবাসন পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ কিছুটা কমলেও সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনা ও ভাড়া পাওয়ার সুযোগ বাড়ানো টরন্টোর জন্য এখনো একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Related Articles

Latest Articles