তদন্তের মুখে অন্টারিওর শ্রমমন্ত্রী

তদন্তের মুখে অন্টারিওর শ্রমমন্ত্রী - the Bengali Times
অন্টারিওর শ্রমমন্ত্রী ডেভিড পিচ্চিনির বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন প্রদেশের ইন্টিগ্রিটি কমিশনার ক্যাথরিন মাদারওয়েল

অন্টারিওর শ্রমমন্ত্রী ডেভিড পিচ্চিনির বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন প্রদেশের ইন্টিগ্রিটি কমিশনার ক্যাথরিন মাদারওয়েল। ৬৮০ নিউজরেডিওর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। স্কিলস ডেভেলপমেন্ট ফান্ডের ট্রেনিং স্ট্রিমে কোন কোন আবেদনকারীকে তহবিল দেওয়া হয়েছে সেই নির্বাচন প্রক্রিয়াকে ঘিরেই এই তদন্ত।

৬৮০ নিউজরেডিওর হাতে আসা একটি চিঠিতে ইন্টিগ্রিটি কমিশনার ক্যাথরিন মাদারওয়েল জানিয়েছেন, এনডিপি নেতা মারিট স্টাইলিস এবং লিবারেল এমপিপি স্টেফানি স্মিথ এই দুই বিরোধী নেতার পৃথক অনুরোধের ভিত্তিতে তিনি তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। অভিযোগকারীদের দাবি, শ্রমমন্ত্রী ডেভিড পিচ্চিনি মেম্বার্স’ ইন্টিগ্রিটি অ্যাক্ট–এর একাধিক ধারা লঙ্ঘন করেছেন।

- Advertisement -

এই অভিযোগে যে ধারাগুলোর কথা বলা হয়েছে, সেগুলো হল – ধারা ২ ও ৩: স্বার্থের সংঘাত, ধারা ৪: ইনসাইডার তথ্যের ব্যবহার, ধারা ৬: প্রভাব খাটানো এবং ধারা ১৬: উপহার গ্রহণ ও স্বার্থের সংঘাত সংক্রান্ত প্রক্রিয়া। কমিশনার জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে সাক্ষীদের সাক্ষ্য দিতে বাধ্য করা হতে পারে।

এই তদন্তের প্রেক্ষাপটে সম্প্রতি অন্টারিওর অডিটর জেনারেলের প্রকাশিত একটি রিপোর্ট নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৫০ কোটি ডলারের স্কিলস ডেভেলপমেন্ট ফান্ড বণ্টনের ক্ষেত্রে প্রকল্প নির্বাচনে শ্রমমন্ত্রী পিচ্চিনির দপ্তর সরাসরি এবং ব্যাপকভাবে জড়িত ছিল।

রিপোর্টে আরও বলা হয়েছে, অনেক প্রকল্প আমলাদের কাছ থেকে কম স্কোর পাওয়ার পরও কোনো ব্যাখ্যা ছাড়াই তহবিলের জন্য নির্বাচিত হয়েছে। লবিস্ট নিয়োগের পর কম স্কোর করা ৬০ জনেরও বেশি আবেদনকারীকে তহবিল দেওয়া হয়েছে। এই তথ্য সামনে আসার পর বিরোধী দলগুলোর অভিযোগ, তহবিল বণ্টনের ক্ষেত্রে ন্যায্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মারাত্মক ঘাটতি রয়েছে এবং এতে পক্ষপাতিত্বের স্পষ্ট ইঙ্গিত মিলছে।

অডিটর জেনারেলের রিপোর্ট প্রকাশের পর কুইন’স পার্কে বিরোধী দলগুলোর তরফে শ্রমমন্ত্রী পিচ্চিনির পদত্যাগের দাবি জোরালো হয়েছে। এনডিপি এবং লিবারেলদের অভিযোগ, এই তহবিল ব্যবস্থাপনা প্রক্রিয়া জনস্বার্থের পরিপন্থী।

তবে এই পদত্যাগের দাবির বিরোধিতা করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। তাঁর বক্তব্য, স্কিলস ডেভেলপমমেন্ট ফান্ডের মাধ্যমে হাজার হাজার মানুষ কাজের সুযোগ পেয়েছেন এবং এই প্রকল্পগুলোর সামাজিক ও অর্থনৈতিক সুফল রয়েছে।

অন্যদিকে এনডিপি নেতা মারিট স্টাইলিস বলেছেন, ইন্টিগ্রিটি কমিশনারের তদন্তের মাধ্যমে “প্রকৃত সত্য” প্রকাশ্যে আসবে বলে তিনি আশাবাদী। তাঁর দাবি, এই তদন্ত প্রমাণ করবে যে তহবিল বণ্টনে রাজনৈতিক প্রভাব এবং পক্ষপাতিত্ব ছিল কি না।

এখন সব নজর ইন্টিগ্রিটি কমিশনারের তদন্তের দিকে। সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনার পর কমিশনার কী সিদ্ধান্ত নেন, তার ওপরই নির্ভর করবে শ্রমমন্ত্রী ডেভিড পিচ্চিনির রাজনৈতিক ভবিষ্যৎ এবং স্কিলস ডেভেলপমেন্ট ফান্ডের বিশ্বাসযোগ্যতা।

- Advertisement -

Related Articles

Latest Articles