
ভ্যানকুভারে ফিলিপিনো স্ট্রিট ফেস্টিভ্যালে গত এপ্রিলে ভয়াবহ হামলার পর উৎসবে নিরাপত্তা জোরদারে আরও সাড়ে ৭ লাখ ডলার যোগ করছে সিটি অব টরন্টো। উৎসবের আয়োজকদের অংশগ্রহণে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলন শেষে টরন্টোর মেয়র অলিভিয়া চাউ এই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, টরন্টোর বিদ্যমান স্পেশাল ইভেন্টস স্ট্যাবিলাইজেশন ইনিশিয়েটিভ জোরদারের অংশ হিসেবে এই অর্থ দেওয়া হবে। আগে এই তহবিলের আকার ছিল ১৩ লাখ ৫০ হাজার ডলার। ২০২৫ সালে ৬৪টি ভিন্ন ভিন্ন উৎসবে এই অর্থ দেওয়ার কথা রয়েছে।
চাউ বলেন, উৎসবের নিরাপত্তায় আমরা আবারও ২১ লাখ ডলারের প্রতিশ্রুতি দিচ্ছি। এর ফলে বাড়তি নিরাপত্তা া অথবা নিরাপত্তা প্রশমন উদ্যোগের চর্চা করতে পারব এবং সেটা আমাদের করতে হবে।
গত এপ্রিলে ভ্যানকুভারের লাপু-লাপু স্ট্রিটি ফেস্টিভ্যালে জনতার ওপর গাড়ি উঠিয়ে দিলে ১১ জন নিহত হন। এরপর টরন্টোর কর্মকর্তারা বলেন, উৎসবে গমনকারীরা যাতে এই ঘটনার পরও নিরাপদে উৎসব উপভোগ করতে পারেন সেটা নিশ্চিত করতে সেফটি প্রটোকল পর্যালোচনা করা হবে।
কাউন্সিলর মাইকেল কোল সোমবার বলেন, বিশেষ করে জার্মানিতে যা ঘটেছে, নিউ অরলিন্সে যা ঘটেছে এখানে আমরা তা ঘটতে দিতে পারি না।
সিটি কর্তৃপক্ষের এই তহবিল বিভিন্ন সংগঠনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। কী পরিমাণ অর্থ তারা পাবে তা নির্ভর করছে তাদের বাজেটের আকারের ওপর। বোলার্ড ও স্ট্রিট ফার্নিচারের মতো নানা নিরাপত্তা উদ্যোগে এই অর্থ ব্যয় করা হবে।
কীভাবে এই অর্থ বণ্টন হবে তা নির্ভর করবে আবেদন ও তা মূল্যায়নের ভিত্তিতে। এটা হবে প্রতিযোগিতার ভিত্তিতে। এমনটাই জানান সিটির অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কৃতি বিষয়ক ব্যবস্থাপক প্যাট টবিন।
কী ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে তা নির্ভর করবে উৎসব ও এর আকারের ওপর। কোথায় উৎসব অনুষ্ঠিত হচ্ছে সেটা এক্ষেত্রে সবচেয়ে বড় বিবেচ্য হবে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

