
মিসিসোগার একটি মহাসড়কে বুধবার ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে ধরা খেলেন দুই চালক। তাদের মধ্যে একজন মদ্যপ ছিলেন। অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ (ওপিপি) সূত্রে এমনটা জানা গেছে।
পুলিশ বলেছে, দুই চালককেই হাইওয়ে ৪০৩ এ থামানো হয়। প্রথম চালককে থামানো হয় এরিন মিলস পার্কওয়ের কাছে এবং দ্বিতীয় চালককে নিবৃত করা হয় এগলিন্টন এভিনিউয়ের কাছে। এক ঘণ্টার মধ্যে ঘটনা দুটি ঘটে।
প্রথম চালকের বয়স ২৪ বছর এবং তিনি ঘণ্টায় ১৯১ কিলোমিটার গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। এই চালকের বিরুদ্ধে ইম্পেয়ার্ড ড্রাইভিং, স্টান্ট ড্রাইভিংয়ের অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে ৯০ দিনের জন্য তার লাইসেন্স স্থগিত করা হয়েছে। পাশাপাশি তার গাড়িটিও ১৪ দিনের জন্য জব্দ থাকবে।
দ্বিতীয় চালকের বয়স ৩৭ বছর এবং তিনি গাড়ি চালাচ্ছিলেন ঘণ্টায় ১৮৮ কিলোমিটার গতিতে। তার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। তবে ইম্পেয়ার্ড ড্রাইভিংয়ের অভিযোগ নেই এর মধ্যে।
হাইওয়ে ৪০৩তে গাড়ির গতিসীমা বেঁধে দেওয়া আছে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোটিমারের মধ্যে।

