
রোগীর সম্মতি ছাড়াই তাদের ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য কানাডার বেসরকারি ক্লিনিকগুলো বিক্রি করছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষণাটিতে বলা হয়েছে, ওষুধ শিল্পের গ্রাহকরা এই তথ্যের বিনিময়ে বিপুল অর্থ পরিশোধ করছে।
গবেষণার প্রধান লেখক ড. শেরিল স্পিথপ সিটিভি’র ইয়োর মর্নিংয়ে সোমবার বলেন, রোগীরা তাদের উপাত্ত এভাবে ব্যবহৃত হোক তা চান না। গবেষণা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তাদের উপাত্ত বিনিময় করা হলে রোগীরা তাতে আপত্তি করেন না। কিন্তু লাভজনক কোম্পানিগুলো তাদের উপাত্ত ব্যবহার করুক সেটা তারা একদমই চান না।
স্পিথফ একজন পারিবারিক চিকিৎসক এবং টরন্টোর উইমেন’স কলেজ হসপিটালের বিজ্ঞানী। সেই সঙ্গে ইউনিভার্সিটি অব টরন্টোর সহকারী অধ্যাপক। এ মাসের গোড়ার দিকে জামা নেটওয়ার্ক ওপেন জার্নালে প্রকাশিত নতুন এই গবেষণা নিবন্ধে গুরুত্ব দেওয়া হয়েছে নাম প্রকাশ না করা দুটি স্বাস্থ্য উপাত্ত নিয়ে কাজ কোম্পানির ওপর। উভয় কোম্পানিরই রয়েছে ১০ লাখ থেকে ২০ লাখ রোগীর রেকর্ডে প্রবেশাধিকার।
গবেষণায় ব্যাখ্যা হয়েছে যে, কোম্পানিগুলো কানাডার প্রাইমারি মেডিকেল রেকর্ড ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত। তারা রোগীর মেডিকেল রেকর্ড বাণিজ্যিক সম্পদে রূপ দিয়ে থাকে। এইসব সম্পদ ব্যবহৃত হয় মূলত ওষুধ কোম্পানিগুলোর স্বার্থে।
কীভাবে রোগীর উপাত্ত বিক্রি হয়ে থাকে তার দুটি উপায়ের দিকে নজর দেওয়া হয়েছে স্পিথফের গবেষণায়। একটি পদ্ধতিতে বেসেরকারি ক্লিনিকগুলো স্বাস্থ্য তথ্য তৃতীয় পক্ষের কোনো বাণিজ্যিক উপাত্ত দালালের কাছে বিক্রি করে। ওষুধ শিল্পের জন্য বিশ্লেষণ হিসেবে বিক্রি করার আগে তারা ব্যক্তিগত তথ্যগুলো সরিয়ে ফেলে। অন্য পদ্ধতিটিতে বেসরকারি ক্লিনিকগুলোর নিজেদেরই স্বাস্থ্য উপাত্ত কোম্পানি থাকে, যারা ওষুধ কোম্পানিগুলোর জন্য অ্যালগোরিদম উন্নয়নের জন্য রোগীদের এই তথ্য ব্যবহার করে।
উভয় ক্ষেত্রেই এসব উপাত্ত ব্যবহৃত হয় রোগীদের অজ্ঞাতে বা তাদের সম্মতি না নিয়েই।

