বর্ষসেরা নারী ফুটবলার স্পেনের আলেক্সিয়া

বর্ষসেরা নারী ফুটবলার স্পেনের আলেক্সিয়া - the Bengali Times
আলেক্সিয়া পুতেয়াস

নারী ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের তারকা মিডফিল্ডার আলেক্সিয়া পুতেয়াস। সোমবার (২৬ অক্টোবর) রাতে লন্ডনে আয়োজিত ২০২৬ সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মান তুলে দেওয়া হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো নারী ব্যালন ডি’অর জিতলেন বার্সেলোনার সাবেক এই অধিনায়ক।

এর মধ্য দিয়ে সতীর্থ আইতানা বনমাতির সমান তিনবার এই পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করলেন পুতেয়াস। এর আগে ২০২১ ও ২০২২ সালে টানা দুইবার ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি। এরপর টানা তিন বছর পুরস্কারটি জেতেন বনমাতি।

- Advertisement -

২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন পুতেয়াস। তাঁর নেতৃত্ব ও মাঠের অবদানে দলটি লিগ, কোপা দে লা রেইনা, স্প্যানিশ সুপার কাপ ও নারী চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে।

চ্যাম্পিয়নস লিগে বিশেষভাবে উজ্জ্বল ছিলেন এই স্প্যানিশ তারকা। প্রতিযোগিতাটিতে সাতটি গোল করার পাশাপাশি সাতটি গোলে সহায়তা করেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন।

পুতেয়াসের ক্যারিয়ারে বড় ধাক্কা এসেছিল ২০২২ সালে। বাঁ হাঁটুর গুরুতর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। ওই চোটের কারণে ২০২২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও খেলতে পারেননি তিনি। তবে চোটের মধ্যেও সে বছর দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর জেতেন এই ফুটবলার।

দীর্ঘ পুনর্বাসন শেষে মাঠে ফিরে নিজের সেরা ছন্দে ফেরার লড়াই চালিয়ে যান পুতেয়াস। ২০২৫-২৬ মৌসুমে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স সেই প্রত্যাবর্তনেরই প্রমাণ দিয়েছে।

বার্সেলোনায় দীর্ঘ সময় কাটানোর পর গত জুলাইয়ে ক্লাবটির অধিনায়কত্বের অধ্যায় শেষ করে ইংল্যান্ডের নারী সুপার লিগের দল লন্ডন সিটি লায়নেসে যোগ দেন তিনি। নতুন ক্লাবে যাওয়ার পরও ব্যক্তিগত অর্জনের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক।

- Advertisement -

Related Articles

Latest Articles