টিকটক থেকে শ্যালিকার সঙ্গে ঘনিষ্ঠতা, বিয়ের পর কর্মস্থলে অবাঞ্ছিত মাসুদ

টিকটক থেকে শ্যালিকার সঙ্গে ঘনিষ্ঠতা, বিয়ের পর কর্মস্থলে অবাঞ্ছিত মাসুদ - the Bengali Times
ছবি সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা টিকটকার ও আইনজীবীর সহকারী মো. মাসুদ রানাকে নিজের সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আইনজীবী মো. শাহীন কাদির ডলার। ইসলামবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে মক্কেল ও সাধারণ মানুষকে সেরেস্তার মামলা, আইনি কার্যক্রম কিংবা দাপ্তরিক বিষয়ে মাসুদ রানার সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সেরেস্তার নাম ব্যবহার করে তাঁর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতেও সতর্ক করা হয়েছে।

- Advertisement -

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাসুদ রানার সঙ্গে সেরেস্তার নাম ব্যবহার করে কোনো অননুমোদিত যোগাযোগ বা আর্থিক লেনদেনের দায় সেরেস্তা কিংবা সেখানে কর্মরত কেউ নেবেন না।

সম্প্রতি মাসুদ রানার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নিজের শ্যালিকা পূর্ণিমাকে নিয়ে অশালীন অঙ্গভঙ্গিসংবলিত টিকটক ভিডিও প্রকাশ করতেন। পরে তাঁকে বিয়ে করার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ রানার স্ত্রী মৌসুমীর ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করার ঘটনাটি সামনে আসে গত ২৪ অক্টোবর তাঁর ভাড়া বাসায় গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্য দিয়ে। পরদিন তাঁদের বিয়ে হয় বলে জানা গেছে।

এ বিষয়ে মাসুদ রানা দাবি করেন, শ্যালিকার অন্য কোথাও বিয়ে হলে তাঁদের আগে তৈরি করা ভিডিওগুলোর কারণে তাঁকে হেনস্তার শিকার হতে হতো। এ কারণে প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতায় তিনি পূর্ণিমাকে বিয়ে করেছেন।

ইসলামি বিধান অনুযায়ী, কোনো পুরুষের জন্য স্ত্রী ও তাঁর বোনকে একই সময়ে বিবাহবন্ধনে রাখা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একসঙ্গে বিয়ে করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।

এ বিষয়ে মাওলানা রেজাউল করিম বলেন, একই সময়ে দুই বোনকে বিয়ে করে সংসার করার সুযোগ নেই। তবে স্ত্রী মারা গেলে বা বিবাহবিচ্ছেদ হলে তাঁর বোনকে বিয়ে করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে না।

মাসুদ রানার বিয়ে ও ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সমালোচনার মধ্যে আইনজীবী শাহীন কাদির ডলারের সেরেস্তা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত সামনে এল।

- Advertisement -

Related Articles

Latest Articles