
ছাদের কোণে বাগানবিলাসের পাশে বসে পরীমনি। মাথার ওপর ঝলমলে পূর্ণিমার চাঁদ। ছবি দেখে মুগ্ধ ভক্তরা, কিন্তু পঞ্জিকা আর আকাশের হিসাব মিলিয়ে উঠছে না! কারণ ছবিগুলো প্রকাশের সময় বাংলাদেশে চলছে অমাবস্যা।
চাঁদের আলোয় ভেসে যাচ্ছে রাত। ছাদের এক কোণে ফুটে থাকা বাগানবিলাসের পাশে বসে আছেন চিত্রনায়িকা পরীমনি। এক হাতে যেন ছুঁতে চাইছেন আকাশের চাঁদ। চোখেমুখে মুগ্ধতা, চারপাশে স্নিগ্ধ পরিবেশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। ক্যাপশনে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্ক্তি—‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।’
ছবি প্রকাশের পরপরই মুগ্ধতা ছড়িয়েছে ভক্তদের মধ্যে। তবে সেই মুগ্ধতার সঙ্গে জন্ম নিয়েছে একটি মজার প্রশ্নও—অমাবস্যার রাতে এই চাঁদ এল কোথা থেকে?
চাঁদ নিয়ে যত কৌতূহল
পরীমনির ছবিতে আকাশজুড়ে দেখা যাচ্ছে উজ্জ্বল পূর্ণ চাঁদ। কিন্তু ছবিগুলো প্রকাশের সময় বাংলাদেশের আকাশে সেই চাঁদের দেখা পাওয়ার কথা নয়। চলছে অমাবস্যার সময়।
এই বিষয়টি চোখ এড়ায়নি নেটিজেনদেরও।
ছবির নিচে একজন লিখেছেন, ‘এখন তো অমাবস্যা!’
আরেকজনের মন্তব্য, ‘আমি তো আকাশে কোনো চাঁদ দেখছি না।’
ফলে পরীমনির চাঁদ নিয়ে শুরু হয়েছে মজার আলোচনা।
তবে বিষয়টি নিয়ে খুব বেশি রহস্যের কিছু নেই বলেই ধারণা করা হচ্ছে। ছবিগুলো সম্ভবত আগের কোনো সময়ের, যখন আকাশে পূর্ণিমার চাঁদ ছিল। তবে ঠিক কবে ছবিগুলো তোলা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি পরীমনি।
‘চাঁদ কোথায়? পরীকেই তো দেখছি’
চাঁদ নিয়ে নেটিজেনদের কৌতূহল থাকলেও ছবিতে পরীমনির সৌন্দর্য যে তাদের নজর কেড়েছে, সেটিও স্পষ্ট।
এক অনুরাগী লিখেছেন, ‘চাঁদ কোথায়? আমি তো পরী দেখতে পাচ্ছি।’
আরেকজনের মন্তব্য, ‘পরীর চাঁদের চেয়েও সুন্দর তুমি।’
এমন অসংখ্য প্রশংসায় ভরে উঠেছে ছবির মন্তব্যের ঘর।
পরীমনি অবশ্য এসব মন্তব্যের জবাব না দিলেও ছবিগুলোতেই যেন তৈরি করেছেন এক টুকরো কাব্যিক রাত—বাগানবিলাস, চাঁদের আলো আর এক ‘পরী’।
অমাবস্যার আকাশে বাস্তব চাঁদ না থাকলেও, পরীমনির ছবিতে যে চাঁদের আলো ঠিকই ছড়িয়ে পড়েছে—ভক্তদের মন্তব্য যেন তারই প্রমাণ।

