
বিতর্ক যেন মাইনুল আহসান নোবেলের নিত্যসঙ্গী। বিয়ে, ব্যক্তিজীবন, মাদক ও নানা কর্মকাণ্ড নিয়ে বহুবার আলোচনায় এসেছেন সারেগামাপা খ্যাত এই গায়ক। তবে এবার ভিন্ন এক নোবেলকে দেখে মুগ্ধ নেটিজেনরা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে স্ত্রী ও সন্তানকে নিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন নোবেল। সেখানে তাকে দেখা গেছে একেবারেই পারিবারিক আবহে। তার ফেসবুকের প্রচ্ছদ ছবিতেও স্ত্রী-সন্তানের সঙ্গে হাস্যোজ্জ্বল নোবেলকে দেখা গেছে।
একটি ভিডিওতে ছোট ছেলেকে পাশে বসিয়ে গিটার বাজিয়ে জেমসের ‘বাবা’ গানটি গাইতে দেখা যায় তাকে। অন্য ছবিগুলোতেও বাবা-ছেলের আন্তরিক মুহূর্ত ধরা পড়েছে। ছেলেকে আদর করে ‘বাপজান’ বলে সম্বোধন করেছেন নোবেল। ছবিগুলো তুলেছেন তার স্ত্রী। ভিডিওটি ধারণ করা হয়েছে টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়িতে।
নোবেলের এমন শান্ত ও পারিবারিক রূপ প্রশংসা কুড়িয়েছে সামাজিক মাধ্যমে। অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘এত সুন্দর ছেলে থাকলে আর কী লাগে!’ আবার কারও প্রত্যাশা, সন্তানের দিকে তাকিয়ে নোবেল আবারও তার পুরোনো গানের জগতে ফিরবেন।
গত বছর ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর বাদীকে বিয়ে করেন নোবেল। পরে তাদের সংসারে আসে পুত্রসন্তান। কিছুদিন আগে মঞ্চেও ছেলেকে প্রকাশ্যে আনেন তিনি।
স্ত্রী ও সন্তানের সঙ্গে সাম্প্রতিক ছবি-ভিডিও প্রকাশের পর নোবেলের ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিতর্কের বাইরে এসে এবার কি তবে পারিবারিক নোবেলকেই নিয়মিত দেখা যাবে? সেই উত্তর দেবে সময়।

