অপ্রাপ্ত বয়স্কদের অ্যাকাউন্ট শনাক্তে নতুন প্রযুক্তি ব্যবহার করছে গুগল

অপ্রাপ্ত বয়স্কদের অ্যাকাউন্ট শনাক্তে নতুন প্রযুক্তি ব্যবহার করছে গুগল - the Bengali Times
কিশোর কিশোরীদের অনলাইন নিরাপত্তা আরও জোরদার করতে নতুন পদক্ষেপ নিল গুগল

কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা আরও জোরদার করতে নতুন পদক্ষেপ নিল গুগল। কানাডায় ধাপে ধাপে এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চালু করছে সংস্থাটি, যা ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম কি না, তা নির্ধারণ করতে মেশিন লার্নিংয়ের সাহায্য নেবে। গুগলের তরফে জানানো হয়েছে, বয়স নির্ধারণের জন্য শুধু ব্যবহারকারীর দেওয়া জন্মতারিখের ওপর নির্ভর করা হবে না। বরং অ্যাকাউন্ট ব্যবহারের ধরনসহ একাধিক সংকেত বিশ্লেষণ করবে তাদের বয়স যাচাইকারী মডেল।

গুগলের ব্লগ পোস্ট অনুযায়ী, মেশিন লার্নিং মডেল ব্যবহারকারীর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্যের ধরন বিশ্লেষণ করবে। এর মধ্যে থাকতে পারে গুগলে কী ধরনের তথ্য খোঁজা হচ্ছে কিংবা ইউটিউবে কোন ধরনের ভিডিও দেখা হচ্ছে। এইসব সংকেতের ভিত্তিতে প্রযুক্তিটি কোনও অ্যাকাউন্টকে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর বলে মনে করলে সেই অ্যাকাউন্টে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হবে।

- Advertisement -

কোনও ব্যবহারকারীকে ১৮ বছরের কম বয়সী হিসেবে শনাক্ত করা হলে তাঁর গুগল অ্যাকাউন্টে অতিরিক্ত সুরক্ষা যুক্ত হবে। বিশেষ করে কনটেন্ট দেখানো ও সুপারিশের ক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থা আরও কড়া করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে বয়স শনাক্তকরণে ভুল হওয়ার সম্ভাবনাও বিবেচনায় রেখেছে গুগল। কোনও প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীকে ভুল করে অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করা হলে তিনি নিজের বয়স প্রমাণ করার সুযোগ পাবেন। সরকারি পরিচয়পত্র অথবা সেলফির মাধ্যমে বয়স যাচাই করা যাবে।

গুগল কানাডার সরকারি বিষয় ও নীতি সংক্রান্ত পরিচালক জিনেট প্যাটেল জানিয়েছেন, কানাডায় পর্যায়ক্রমে এই প্রযুক্তি চালু করা হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, বয়স যাচাইয়ের জন্য ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কহীন কোনও নতুন তথ্য সংগ্রহ করা হবে না। অনলাইনে শিশু ও কিশোরদের সুরক্ষা নিয়ে বিভিন্ন দেশে নতুন নিয়মকানুন তৈরির প্রবণতা বাড়ার মধ্যেই গুগলের এই পদক্ষেপ সামনে এল।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বয়স যাচাই প্রযুক্তির ব্যবহার সাম্প্রতিক সময়ে বাড়ছে। কানাডাসহ বিভিন্ন দেশের সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা নির্ধারণের উদ্যোগ নেওয়ায় এই প্রযুক্তির গুরুত্বও বেড়েছে।

এই ক্ষেত্রে গুগল একা নয়। মেটাও ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কিশোর ব্যবহারকারীদের শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার করছে। কানাডাতেও কিশোরদের অ্যাকাউন্টে এই ধরনের প্রযুক্তি প্রয়োগ করা হচ্ছে। গত সেপ্টেম্বরে মেটা জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের বাইরে কানাডাসহ আরও কয়েকটি দেশে তাদের বয়স শনাক্তকরণ প্রযুক্তির পরীক্ষা সম্প্রসারণ করা হবে।

গুগলের নতুন উদ্যোগ কার্যকর হলে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের ক্ষেত্রে জন্মতারিখের পাশাপাশি অনলাইন ব্যবহারের ধরনও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে এই প্রযুক্তি কতটা নির্ভুলভাবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীকে আলাদা করতে পারে এবং গোপনীয়তা কীভাবে বজায় রাখা হয়, তা নিয়েই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

- Advertisement -

Related Articles

Latest Articles