
ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় নিয়ে বিতর্কে প্রায়ই উঠে আসে লিওনেল মেসি, পেলে ও দিয়েগো ম্যারাডোনার নাম। তবে এই তিন কিংবদন্তির মধ্যে একজনকে বেছে নেওয়ার সুযোগ পেয়ে কোনো দ্বিধায় পড়েননি স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তাঁর পছন্দ লিওনেল মেসি।
মিশরের টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্রম কায়রো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে মেসি, পেলে ও ম্যারাডোনার মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। জবাবে সরাসরি মেসির নাম বলেন বার্সেলোনার এই তরুণ তারকা।
ইয়ামাল বলেন, নিজের চোখে দেখা এবং পর্দায় দেখা ফুটবল বিবেচনায় তিনি মেসিকেই বেছে নেবেন। ফুটবলে মেসির অবদান এবং এখনো খেলা চালিয়ে যাওয়ার বিষয়টিও তাঁর পছন্দের অন্যতম কারণ বলে জানান ইয়ামাল।
ফুটবল ইতিহাসে পেলে ও ম্যারাডোনার কীর্তিও অনন্য। ব্রাজিলের হয়ে পেলে তিনবার বিশ্বকাপ জিতেছেন। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে তাঁর গোল ৭৭টি। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ম্যারাডোনা।
মেসির অর্জনের তালিকাও দীর্ঘ। আর্জেন্টিনার হয়ে শতাধিক গোলের পাশাপাশি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাঁর গোলসংখ্যা ৯০০ ছাড়িয়েছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
শৈশব থেকেই মেসির খেলা দেখে বড় হওয়া ইয়ামালের কাছে তাই পছন্দের সেরা খেলোয়াড় বেছে নেওয়ার প্রশ্নে উত্তরটা যেন বেশ সহজই ছিল—লিওনেল মেসি।

