
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল সরকারকে ভোটের মাধ্যমে বড় বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কনজার্ভেটিভ প্রার্থী জিম সিরবস। কিন্তু ৩১ অগস্টের তিনটি ফেডারেল উপনির্বাচনের ফলাফল সেই প্রত্যাশার বিপরীত ছবি তুলে ধরেছে। বিচেস–ইস্ট ইয়র্ক, নর্থ ভ্যানকুভার–ক্যাপিলানো এবং চিকোটিমি–লে ফিয়োর্ড তিন আসনেই জয় পেয়েছে লিবারেল পার্টি। এর মধ্যে কুইবেকের চিকোটিমি–লে ফিয়োর্ড আসনটি কনজার্ভেটিভদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে লিবারেলরা।
মঙ্গলবার অটোয়ায় ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী কার্নি বলেন, তিনটি আসনেই ৫০ শতাংশের বেশি ভোট পাওয়া তাঁর সরকারের পরিকল্পনার প্রতি কানাডীয়দের সমর্থনের ইঙ্গিত। তাঁর কথায়, কানাডীয়রা ঐক্যবদ্ধ এবং দেশের শক্তি পুনর্গঠনের জন্য প্রস্তুত। কার্নি আরও বলেন, তাঁর সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে কানাডীয় পণ্য কেনা, দেশের মধ্যে ভ্রমণ বাড়ানো এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কানাডার বাণিজ্যিক অংশীদারদের বৈচিত্র্য আনা।
টরন্টোর বিচেস–ইস্ট ইয়র্ক আসনে লিবারেল প্রার্থী তানভীর শাহনেওয়াজ ৫৫.৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এনডিপির শ্যানন ডেভিন পেয়েছেন ২৫.৮ শতাংশ এবং কনজার্ভেটিভ প্রার্থী জিম সিরবস পেয়েছেন ১৫.৫ শতাংশ ভোট। এই আসনে এনডিপির ভোটও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালের সাধারণ নির্বাচনে দলটি যেখানে প্রায় ৬.৯ শতাংশ ভোট পেয়েছিল, এবার তা বেড়ে ২৫.৮ শতাংশ হয়েছে। অন্যদিকে নর্থ ভ্যানকুভার–ক্যাপিলানো আসনে কার্নির প্রাক্তন ডেপুটি চিফ অব স্টাফ ব্রায়েডেন ক্যালি ৫৮.৭ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন। কনজার্ভেটিভ প্রার্থী স্টিফেন কারান পেয়েছেন ২৯.২ শতাংশ। ইলেকশনস কানাডার যাচাই করা ফল অনুযায়ী ক্যালি পেয়েছেন ২৩,৭৩৯ ভোট।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ ফল এসেছে কুইবেকের চিকোটিমি–লে ফিয়োর্ড আসনে। ২০২৫ সালের সাধারণ নির্বাচনে কনজার্ভেটিভ রিচার্ড মার্টেল মাত্র কয়েক শতাংশ পয়েন্টের ব্যবধানে আসনটি ধরে রেখেছিলেন। পরে সেনেটে নিয়োগ পাওয়ার কারণে তিনি আসনটি ছেড়ে দেন।
এবার সেই আসনেই লিবারেল প্রার্থী তথা ডেইরি ফার্মার ড্যানিয়েল গোবেইল ৫১.৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ইলেকশনস কানাডার চূড়ান্ত যাচাই করা ফল অনুযায়ী তিনি পেয়েছেন ১৬,৩৩৩ ভোট। ব্লক কুইবেকো প্রার্থী ক্যারোলিন দুবে পেয়েছেন ৩২.৮ শতাংশ ভোট। কনজার্ভেটিভ প্রার্থী রেজিস গদ্রো পেয়েছেন মাত্র ১২.৬ শতাংশ। অর্থাৎ, ৩১ অগস্টের এই তিন উপনির্বাচনে লিবারেলরা শুধু নিজেদের দুটি আসন ধরে রাখেনি, কনজার্ভেটিভদের একটি আসনও নিজেদের দখলে নিয়েছে। এই ফলের ফলে হাউস অব কমন্সে কার্নি সরকারের সংখ্যাগরিষ্ঠতা আরও মজবুত হয়েছে।
তিন উপনির্বাচনের ফলাফল কার্নি সরকারের জন্য সংসদীয় অঙ্কের দিক থেকে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভোটের ফলাফল তিনটি আলাদা অঞ্চলে লিবারেলদের সমর্থনের চিত্রও সামনে এনেছে টরন্টো, ব্রিটিশ কলম্বিয়া এবং কুইবেক, তিন জায়গাতেই দলটি ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছে।
তবে উপনির্বাচনের ফলাফলকে গোটা কানাডার জনমতের সরাসরি প্রতিচ্ছবি হিসেবে দেখার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। তিনটি নির্দিষ্ট আসনের ভোটাররাই এই নির্বাচনে ভোট দিয়েছেন। ফলে জাতীয় স্তরে রাজনৈতিক সমর্থনের পূর্ণ চিত্র পেতে বৃহত্তর নির্বাচনী তথ্য ও অন্যান্য জনমত-পরিমাপও বিবেচনায় নিতে হবে।
সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

