
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার বাবা প্রকৌশলী আমিনুল হকও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হওয়ার ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে বাঁধন জানান, ইতালির পুলিশ তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছে। তার ভাষ্য, প্রায় ২৪ ঘণ্টাই পুলিশ সদস্যরা তার নিরাপত্তায় ছিলেন এবং তিনি যেখানে যেতেন, সেখানেই তারা সঙ্গে থাকতেন।
বাঁধন জানান, গত ৮ সেপ্টেম্বর তিনি ইতালির পুলিশের কাছে এ ঘটনায় মামলা করেছেন। একই সঙ্গে ঘটনার পর ইতালির পুলিশ, বাংলাদেশ দূতাবাস ও দেশটির সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি।
হামলাকারীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বাঁধন বলেন, যারা তার ওপর আক্রমণ করেছেন, তারা মনে করছেন হয়তো পার পেয়ে যাবেন। কিন্তু তাদের এই আচরণ মেনে নেওয়া হবে না। তার দাবি, হামলাকারীরা শুধু গালাগাল বা স্লোগান দেয়নি, বরং তার গায়ে হাতও তুলেছে।
বাঁধনের ভাষায়, এই ধরনের বর্বরতা বন্ধ করতে হবে। যারা হামলা করেছে, তারা নিজেদের জায়গাকেই অনিরাপদ করে তুলেছে; বাংলাদেশিদের নয়।
এ সময় প্রবাসীদের দলীয় উসকানিতে জড়িত না হওয়ার আহ্বান জানান এই অভিনেত্রী। তিনি বলেন, রাজনৈতিক নেতারা অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে অনেক সময় সাধারণ মানুষকে উসকে দেন। কিন্তু যারা বিদেশে কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে দেশে পাঠান, তাদেরই শেষ পর্যন্ত এর মূল্য দিতে হয়।
বাঁধন প্রবাসীদের উদ্দেশে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেন, নেতাদের জীবন আর সাধারণ মানুষের জীবন এক নয়। তাই কারও উসকানিতে পড়ে নিজেদের বিপদে না জড়ানোর আহ্বান জানান তিনি।
ভেনিসে হামলার ঘটনায় আইনগত পদক্ষেপের পাশাপাশি বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন বাঁধন। দেশে ফিরে তিনি আবারও স্পষ্ট করে জানালেন, হামলা ও সহিংসতার বিরুদ্ধে তিনি আইনি পথেই লড়াই চালিয়ে যেতে চান।

