
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকায় এক নারীর সঙ্গে অবস্থানরত ঢাকা মহানগর পুলিশের ওয়ারী থানার এক উপপরিদর্শককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে মামলা দায়ের করে। আদালতে সোপর্দ করা হলে বিচারক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী মুন্না ও ৩৯ বছর বয়সী ওই নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। আকবর শাহ থানায় কর্মরত থাকার সময় ওই পরিবারের সঙ্গে নুরুন্নবীর পরিচয় হয়। পরে সেই পরিচয়ের সূত্র ধরে ওই বাসায় তার নিয়মিত যাতায়াত ছিল। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার দিন রাতে নুরুন্নবী ওই নারীর বাসায় অবস্থান করছিলেন বলে স্থানীয়রা জানতে পারেন। পরে কয়েকজন বাসিন্দা ওই ফ্ল্যাটে গিয়ে তাদের একসঙ্গে দেখতে পান। এরপর দুজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে আকবর শাহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
পরে প্রবাসীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় অনৈতিক সম্পর্কের পাশাপাশি বাসা থেকে মূল্যবান সামগ্রী সরিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, প্রবাস থেকে পাঠানো প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৫ লাখ টাকা বাসা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া মারধর, চুরি ও হুমকির অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা করা হয়েছে। পরে অভিযুক্ত দুজনকে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একই সঙ্গে একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও আলোচনা চলছে।

