
প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা হওয়া অনেকের কাছেই অস্বস্তিকর। সম্পর্ক ভেঙে গেলে সাধারণত দুজনের পথও আলাদা হয়ে যায়। তবে ভিয়েতনামে রয়েছে ব্যতিক্রমী এক ঐতিহ্য—যেখানে বছরে একদিন প্রাক্তন প্রেমিক-প্রেমিকারা দেখা করতে পারেন।
ভিয়েতনামের হা জিয়াং প্রদেশে প্রতি বছর বসে খাউ ভাই লাভ মার্কেট। চান্দ্র পঞ্জিকার তৃতীয় মাসের ২৭তম দিনে এই আয়োজন করা হয়, যা সাধারণত এপ্রিল বা মে মাসে পড়ে।
কথিত আছে, ভিন্ন জাতিগোষ্ঠীর দুই প্রেমিক-প্রেমিকা পারিবারিক ও সামাজিক বাধার কারণে এক হতে পারেননি। পরে তারা সিদ্ধান্ত নেন, বছরে একবার খাউ ভাই এলাকায় দেখা করবেন। সেই স্মৃতিই সময়ের সঙ্গে রূপ নেয় এই ঐতিহ্যবাহী বাজারে।
এখন এখানে প্রাক্তনদের পাশাপাশি নতুন সঙ্গীর সন্ধানে আসেন তরুণ-তরুণীরা। বিবাহিত দম্পতিরাও অংশ নেন উৎসবে। ঐতিহ্যবাহী পোশাক, লোকসংগীত, নৃত্য ও স্থানীয় খাবারে মুখর থাকে পুরো আয়োজন।
ভালোবাসা, বিচ্ছেদ আর স্মৃতিকে একসঙ্গে ধারণ করা খাউ ভাই লাভ মার্কেট আজ স্থানীয় সংস্কৃতি ও পর্যটনের অন্যতম আকর্ষণ।

