প্রেমিকের সহায়তায় স্বামী ও সন্তানকে হত্যা!

প্রেমিকের সহায়তায় স্বামী ও সন্তানকে হত্যা! - the Bengali Times
ব্যাঙ্গালোরে প্রেমিকের সহায়তায় এক নারী তার স্বামী ও শিশুপুত্রকে হত্যা করেছে

ব্যাঙ্গালোরে প্রেমিকের সহায়তায় এক নারী তার স্বামী ও শিশুপুত্রকে হত্যা করেছে। এ ঘটনা ঘটেছে উত্তর ব্যাঙ্গালোরের চিক্কাবানাভারা এলাকায়। সেখানে আকস্মিকভাবে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি ও তার চার বছরের ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, তদন্তে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের তথ্য সামনে এসেছে। পুলিশ জানতে পেরেছে, হারিণী নামে ওই নারী তার কথিত প্রেমিক বিনয়ের সহায়তায় স্বামী অভিনন্দনকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় তাদের পাঁচ বছর বয়সী ছেলে যদুবীর ঘুম থেকে জেগে উঠলে তাকেও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশের সন্দেহ।

পুলিশের ধারণা, ঘুমানোর ব্যবস্থা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রথমে ঝগড়া হয়। একপর্যায়ে হারিণী হাতা দিয়ে অভিনন্দনকে আঘাত করেন বলে অভিযোগ। এরপর দু’জন আলাদা ঘরে চলে যায়। তদন্তে পুলিশ জানতে পেরেছে, পরে হারিণী তার প্রেমিক বিনয়কে বাড়িতে ডেকে নেয়। এরপর দু’জনে মিলে অভিনন্দনের ওপর হামলা চালিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ। এ সময় শিশুটি ঘুম থেকে জেগে উঠলে তাকেও হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের সন্দেহ হত্যাকাণ্ডের পর সন্দেহ এড়াতে বাড়িতে থাকা রক্তের দাগ পরিষ্কার করা হয়। পরে হারিণীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর ঘটনার বিষয়ে আরও তথ্য সামনে এসেছে বলে পুলিশ জানিয়েছে।

- Advertisement -

এদিকে বিনয় পলাতক। তাকে ধরতে পুলিশ কানাকাপুরার কাছে হেরোহাল্লি ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে। বিনয় ওই বাড়িতে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেয়া হয়েছিল বলেও পুলিশ সন্দেহ করছে। দু’জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিনয়কে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles