
সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর মন্তব্য ও ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ করে হয়রানির অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় একটি ফেসবুক অ্যাকাউন্টের পোস্টের স্ক্রিনশট প্রকাশ করে জবাব দিয়েছেন তিনি।
পরিচালক মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমায় আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন বাঁধন। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য ও ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাঁধন বলেন, কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ করা হয়রানির পাশাপাশি শাস্তিযোগ্য অপরাধ। তাঁকে ভয় দেখিয়ে বা আতঙ্কিত করে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
নিজের অতীতের কঠিন সময়ের কথা উল্লেখ করে বাঁধন বলেন, জীবনে এমন অনেক পরিস্থিতি এসেছে, যখন তাঁর মনে হয়েছে সবকিছু শেষ হয়ে যেতে পারে। তবে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিজেকে সামলে নিয়েছেন।
তিনি আরও বলেন, ভয় বা হুমকিতে তাঁকে সহজে দমিয়ে রাখা সম্ভব নয়। পোস্টের শেষ দিকে নিজের দৃঢ় অবস্থান জানিয়ে বাঁধন লেখেন, ‘আমি ডাইনি। মনে রেখো।’

