
ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাইফুল ইসলামকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত ২৯ জুলাই চট্টগ্রাম নগরীর একটি বাসায় এক নারীর সঙ্গে সাইফুল ইসলামকে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ ওঠে। ওই নারী ফেনীর সোনাগাজীর এক প্রবাসীর স্ত্রী বলে স্থানীয়ভাবে দাবি করা হয়েছে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় সাইফুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ফেনী জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয়ভাবে সাইফুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম ও ওই নারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

