রিজভীর সঙ্গে প্রেম-বিয়ের দাবি উড়িয়ে দিলেন শাবনূর

রিজভীর সঙ্গে প্রেম-বিয়ের দাবি উড়িয়ে দিলেন শাবনূর - the Bengali Times
অভিনেত্রী শাবনূর

সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে দীর্ঘদিনের বিতর্কে এবার নতুন করে উত্তাপ ছড়িয়েছে। অভিনেত্রী শাবনূরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষী হিসেবে পরিচিত রিজভী আহমেদ ওরফে ফরহাদ। এমনকি শাবনূরের সঙ্গে প্রেম ও বিয়ের দাবিও করেছেন তিনি।

তবে রিজভীর এসব বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন শাবনূর। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে তিনি রিজভীর বক্তব্যকে ‘গালগল্প ও অসত্য বয়ান’ হিসেবে উল্লেখ করেছেন।

- Advertisement -

প্রেম-বিয়ের দাবি নিয়ে শাবনূরের প্রশ্ন

রিজভী এক সাক্ষাৎকারে দাবি করেছেন, শাবনূরকে তিনি ভালোবাসতেন এবং বিয়েও করতে চেয়েছিলেন। অন্য এক সাক্ষাৎকারে আবার দাবি করেন, শাবনূর তার সাবেক প্রেমিকা এবং ২০১৬ সালে তাদের বিয়ে হয়েছিল। ২০১৮ সালে বিচ্ছেদ হয়েছে বলেও দাবি করেন তিনি।

রিজভীর এই বক্তব্যের জবাবে শাবনূর বলেন, রিজভী ১৯৯৯ সাল থেকেই যুক্তরাজ্যে বসবাস করছেন বলে দাবি করেছেন। অথচ ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি নিজে যুক্তরাজ্যে যাননি। তাহলে তাদের বিয়ে কোথায় এবং কীভাবে হলো—এ প্রশ্ন তোলেন অভিনেত্রী।

শাবনূরের ভাষায়, এসব কথা শুনে মনে হচ্ছে বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো রিজভীর ‘স্বপ্নের বাসর’ হয়েছিল।

‘আমি তাকে চিনিই না’

রিজভীর সঙ্গে কোনো ধরনের প্রেম বা যোগাযোগের কথাও অস্বীকার করেছেন শাবনূর।

তিনি জানান, রিজভীর সঙ্গে তার কখনো যোগাযোগ ছিল না। এমনকি তাকে কখনো দেখেছেন বলেও মনে পড়ে না। তার বিরুদ্ধে প্রেম, বিয়ে কিংবা সম্পর্কের যে দাবি করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি।

সালমানকে ব্ল্যাকমেইলের অভিযোগও অস্বীকার

সালমান শাহকে শাবনূর ব্ল্যাকমেইল করতেন—রিজভীর এমন অভিযোগও নাকচ করেছেন অভিনেত্রী।

শাবনূর বলেন, রিজভীর নাম তিনি প্রথম জানতে পারেন সালমান শাহর মৃত্যুর পর। ফলে তিনি কীভাবে বা কোন ভিত্তিতে এমন অভিযোগ করছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সালমান শাহ ও তার স্ত্রী সামিরার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে তিনি কূটনামি করতেন—এমন অভিযোগও অস্বীকার করেন শাবনূর।

রিজভীর বক্তব্যে অসংগতি দেখছেন শাবনূর

সালমান শাহর মৃত্যুর বিষয়ে রিজভী বিভিন্ন সময়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন বলেও উল্লেখ করেন শাবনূর।

তার দাবি, একসময় রিজভী সালমান শাহর হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা বলেছিলেন। পরে আবার দাবি করেন, সালমান আত্মহত্যা করেছিলেন এবং এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।

শাবনূরের মতে, একই ব্যক্তি যখন একই ঘটনা নিয়ে সময়ে সময়ে ভিন্ন বক্তব্য দেন, তখন তার নতুন দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।

‘সালমানের মৃত্যুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’

নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে শাবনূর বলেন, সালমান শাহর মৃত্যু কিংবা হত্যাকাণ্ডের সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা ছিল না।

তিনি বলেন, সালমান কীভাবে মারা গেছেন, সে বিষয়ে তার কোনো ধারণা নেই। সালমান শাহ শুধু জনপ্রিয় নায়কই ছিলেন না, তার কাছে তিনি ছিলেন প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো একজন মানুষ।

নিরপেক্ষ তদন্তের দাবি

সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন শাবনূর।

তার বক্তব্য, ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে প্রায় তিন দশক ধরে বিতর্ক চলছে। পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের দাবি করা হলেও তার সাবেক স্ত্রী সামিরা হক মৃত্যুটিকে আত্মহত্যা বলে দাবি করে আসছেন।

নতুন করে মামলা ও আইনি তৎপরতার মধ্যে সালমান শাহর মৃত্যুর পুরনো রহস্য আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles