
অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানিয়েছেন, নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে অভিনয়ের সিদ্ধান্ত সহজ ছিল না। তবে গল্প এবং নির্মাতা দলের প্রতি আস্থা রেখেই তিনি কাজটি করার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার নিজের ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, এই সিনেমায় যুক্ত হওয়া তার জন্য কঠিন সিদ্ধান্ত হলেও গল্পটি তার ভালো লেগেছে। পাশাপাশি পুরো দলের কাছ থেকে পাওয়া সম্মান ও সহযোগিতারও প্রশংসা করেন তিনি।
সম্প্রতি ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো প্রশংসিত কাজের পর বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটেই নিজের অবস্থান ব্যাখ্যা করেন অভিনেত্রী।
বাঁধন লেখেন, দীর্ঘ অভিনয়জীবনে ভালো ও কঠিন—দুই ধরনের অভিজ্ঞতাই তাকে সমৃদ্ধ করেছে। জীবনের প্রতিটি অভিজ্ঞতার জন্য তিনি কৃতজ্ঞ এবং সেগুলোই তাকে আরও দৃঢ় করেছে।
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “কেউ এসে আমার খরচটা পরিশোধ করে না বা আমার জীবনটা যাপন করে না। তাই দয়া করে আমার সিদ্ধান্ত নিয়ে আমাকে উপদেশ দিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না।”
তিনি আরও জানান, তার জীবনে এমন কিছু মানুষ আছেন, যাদের পরামর্শ তিনি বিশ্বাস করেন, সম্মান করেন এবং গুরুত্ব দেন। নিজের জীবন নিয়ে তিনি সন্তুষ্ট বলেও উল্লেখ করেন।
মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমায় বাঁধনের পাশাপাশি অভিনয় করছেন মধুমিতা সরকার, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা, আমিন খান, আশীষ খন্দকারসহ আরও অনেকে।

