দক্ষিণখানে নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের সূত্রে গ্রেপ্তার স্বামী

দক্ষিণখানে নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের সূত্রে গ্রেপ্তার স্বামী - the Bengali Times
খুন হওয়া দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ জামতলা এলাকায় নিজ বাসায় খুন হওয়া দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে ঘটনাস্থলে পাওয়া জুতার ছাপ গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করেছে।

পুলিশ জানায়, প্রথমে ঘটনাটি ডাকাতি বা লুটপাটের ছক বলে মনে হলেও তদন্তে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। জানালার কাটা গ্রিলের ভেতরের বারান্দায় পাওয়া জুতার ছাপের সঙ্গে বাসায় থাকা সোহেল রানার জুতার মিল পাওয়ার পর তাকে আটক করা হয়। তবে গ্রিলের বাইরের ছাদে কোনো জুতার ছাপ বা গ্রিল কাটার প্রমাণ মেলেনি।

- Advertisement -

নিহতের পরিবারের দাবি, দাম্পত্য কলহ ও স্বামীর পরকীয়ার কারণে দীর্ঘদিন ধরে পিনু মানসিক চাপে ছিলেন। নিহতের বোনের ভাষ্য, পিনু আশঙ্কা প্রকাশ করে বলতেন, তার স্বামী তাকে হত্যা করতে পারেন।

তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, ঘটনার প্রকৃত উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন।

এদিকে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন মেয়ে স্কুল থেকে ফিরে মায়ের নিথর দেহ খাটে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। বাসা থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা খোয়া যাওয়ারও অভিযোগ রয়েছে। তদন্তকারীরা হত্যা ও লুটপাট—উভয় দিকই গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles