
কলম্বিয়ার ৩৩ বছর বয়সী দেইসি আলেজান্দা ওমানা অর্টিজ পেশাগত জীবনে একাধিক ভিন্নধর্মী অধ্যায় পেরিয়ে এখন দেশের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও ২০১৭ সালে তিনি প্রাপ্তবয়স্কদের বিনোদন শিল্পে যোগ দেন এবং ‘আমারান্তা হাঙ্ক’ নামে পরিচিতি লাভ করেন।
প্রায় দুই বছর পর তিনি সেই অঙ্গন ছেড়ে রাজনীতিতে সক্রিয় হন। পরে বামপন্থী রাজনৈতিক জোট হিস্টোরিক প্যাক্ট ফর কলম্বিয়া–এর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে নর্তে দে সান্তান্দার অঞ্চল থেকে সিনেটর নির্বাচিত হন এবং ২৭ জুলাই শপথ গ্রহণ করেন।
সিনেটর হিসেবে তিনি প্রাপ্তবয়স্কদের বিনোদন শিল্পে কর্মরত ব্যক্তিদের শ্রম অধিকার, সামাজিক নিরাপত্তা, মানসিক স্বাস্থ্যসেবা এবং যৌন নির্যাতন প্রতিরোধে আইনগত সুরক্ষার পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন। তার মতে, এই খাতে কর্মরত ব্যক্তিরাও আইনি সুরক্ষা ও মর্যাদার অধিকারী।
নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে তার অতীত পেশা নিয়ে সমালোচনা হলেও দেইসি ওমানা বলেন, কোনো ব্যক্তির পূর্ববর্তী পেশার কারণে তার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার অধিকার প্রশ্নবিদ্ধ হওয়া উচিত নয়। তিনি যুক্তি দেন, প্রান্তিক মানুষের অভিজ্ঞতা তাকে বৈষম্য ও সামাজিক বাস্তবতা সম্পর্কে গভীর উপলব্ধি দিয়েছে, যা তিনি সংসদে তুলে ধরতে চান।

