ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী - the Bengali Times
সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী ব্যক্তিজীবনের একটি সংবেদনশীল অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তাঁর প্রথম বিয়ে। তবে সেই অতীত নিয়ে আর কোনো আলোচনা করতে চান না বলেও জানান এই শিল্পী।

সাক্ষাৎকারে জীবনের সবচেয়ে বড় ভুল সম্পর্কে জানতে চাইলে রবি চৌধুরী বলেন, ‘আমার প্রথম বিয়েটাই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সুযোগ থাকলে সেই অতীত পুরোপুরি মুছে ফেলতে চাইতাম। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই সেই অতীত নিয়ে এখন আর কথা বলতে চাই না।’

- Advertisement -

নব্বইয়ের দশকের শেষ দিকে সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় দ্বৈত গান করার পর ২০০১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দেওয়ায় অল্প সময়ের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে।

আলোচনায় উঠে আসে রবি চৌধুরীর জনপ্রিয় গান ‘কাল নাগিনী’-র প্রসঙ্গও। গানটি সাবেক স্ত্রীকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি রসিকতার সুরে বলেন, ‘সবসময় তো আর বন্দুক দিয়ে মারতে হয় না, মাঝে মাঝে কলম দিয়েও মারা যায়। গানটি আমার নিজের লেখা। তবে কাকে নিয়ে লিখেছিলাম, সেটা এখন আর বলতে চাই না।’

ক্যারিয়ারের শুরুতে ‘প্রেম দাও’ অ্যালবামের মাধ্যমে পরিচিতি পাওয়া রবি চৌধুরী পরবর্তীতে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে দেশের সংগীতাঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেন। অডিও অ্যালবাম, চলচ্চিত্রের গান এবং দেশ-বিদেশের মঞ্চ পরিবেশনার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে শ্রোতাদের কাছে জনপ্রিয় শিল্পী হিসেবে পরিচিত।

- Advertisement -

Related Articles

Latest Articles