
মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগ করে শতকোটি টাকার প্রতিষ্ঠান গড়ে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের উদ্যোক্তা কনিকা টেকরিওয়াল। তিনি ব্যক্তিগত উড়োজাহাজ সেবা প্রতিষ্ঠান জেটসেটগো-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানের মূল্য প্রায় ৫৩৭ কোটি ৬০ লাখ টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মারওয়ারি পরিবারে জন্ম নেওয়া কনিকা ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি আগ্রহী ছিলেন। ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন। তবে ২১ বছর বয়সে তাঁর স্টেজ-২ হজকিনস লিম্ফোমা ধরা পড়ে। চিকিৎসকদের আশঙ্কাজনক পূর্বাভাসকে উপেক্ষা করে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করেন এবং সুস্থ হয়ে নতুন উদ্যমে ব্যবসায় নামেন।
২০১৪ সালে তিনি প্রতিষ্ঠা করেন জেটসেটগো। কনিকার দাবি, নিজের পকেট থেকে মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগ করেই যাত্রা শুরু করেছিলেন। বর্তমানে প্রতিষ্ঠানটি ভারতের অন্যতম বৃহৎ ব্যক্তিগত জেট ও হেলিকপ্টার পরিচালনাকারী কোম্পানিতে পরিণত হয়েছে।
পুরুষ-প্রধান উড়োজাহাজ খাতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও তিনি পিছিয়ে যাননি। শুরুতে তাঁকে নিরুৎসাহিত করা হলেও আত্মবিশ্বাস ও দৃঢ়তার মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন। পরে তাঁর প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন শিল্পপতি পুনিত ডালমিয়া ও সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের মতো ব্যক্তিরা।
বর্তমানে জেটসেটগোর কার্যক্রম মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, নিউইয়র্ক ও দুবাইয়ে বিস্তৃত। উদ্যোক্তা হিসেবে সাফল্যের স্বীকৃতিস্বরূপ কনিকা টেকরিওয়াল ফোর্বস ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় স্থান পেয়েছেন এবং ভারতের স্বনির্ভর সফল নারী উদ্যোক্তাদের অন্যতম হিসেবে পরিচিতি অর্জন করেছেন।

