
ভারতীয় টেলিভিশন অভিনেতা করণ কুন্দ্রার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী সানভি তালওয়ার। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ২০১৫ সালে ‘ইয়ে কাঁহা আ গয়া হাম’ ধারাবাহিকের শুটিংয়ের সময় একটি রোমান্টিক দৃশ্যে পরিচালক নির্দেশ দেওয়ার আগেই করণ নাকি তাকে জোর করে চুমু দেন।
সানভির ভাষ্য, ঘটনার প্রতিবাদে তিনি করণকে চড় মারেন। পরে প্রায় ১৫ মিনিট পর করণ সেটে ফিরে এসে সবার সামনে তাকে জোরে চড় মারেন, যার ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। তিনি আরও অভিযোগ করেন, ওই সময় কেউ তার পাশে দাঁড়ায়নি এবং তাকে ও তার পরিবারকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনার পর তিনি শুটিং ছেড়ে বাড়ি ফিরে যান এবং অভিনয় ছাড়ার কথাও ভেবেছিলেন।
অভিনেত্রীর দাবি, পরে প্রযোজক একতা কাপুর তার কাছে করণের পক্ষ থেকে ক্ষমা চান এবং তাকে আবার শুটিংয়ে ফিরতে রাজি করান। তিনি আরও জানান, করণের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ের সময় আগেও একাধিকবার অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। এ বিষয়টি সে সময় করণের তৎকালীন প্রেমিকা অনুষা দান্ডেকরকেও জানিয়েছিলেন বলে দাবি করেন সানভি।
তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত করণ কুন্দ্রার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি বর্তমানে একতরফা অভিযোগ হিসেবে বিবেচিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

