অভিনয়কে প্রধান পেশা হিসেবে দেখছেন না প্রভা

অভিনয়কে প্রধান পেশা হিসেবে দেখছেন না প্রভা - the Bengali Times
সাদিয়া জাহান প্রভা

একসময় নাটক ও মডেলিংয়ে নিয়মিত উপস্থিতি দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবনের নানা ঝড়ঝাপটা পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। তবে এখন আর অভিনয়কে প্রধান পেশা হিসেবে দেখছেন না এই অভিনেত্রী। গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিকস প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি। অভিনয়কে রেখেছেন দ্বিতীয় পছন্দ হিসেবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান কাজ ও অভিনয়জীবনের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রভা। জানিয়েছেন, ভালো গল্প, ব্যতিক্রমী চরিত্র এবং উপযুক্ত সম্মানী পেলে তবেই অভিনয়ে যুক্ত হতে চান। নিয়মিত অভিনয়ে ফেরার বিষয়ে তাঁর কোনো তাড়াহুড়ো নেই।

- Advertisement -

অভিনয়ে অনিয়মিত হলেও কাজ থেকে পুরোপুরি দূরে সরে যাননি প্রভা। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’।

সিনেমা দুটিতে যুক্ত হওয়ার কারণ জানিয়ে প্রভা বলেন, গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় কাজগুলো করেছেন। তবে এখনো সিনেমা দুটির শুটিং পুরোপুরি শেষ হয়নি। চলতি বছরের মধ্যেই বাকি অংশের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি ওটিটিতে প্রচারিত ‘লুক আ লাইক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেও আলোচনায় আসেন তিনি। আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ নাটকেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি এনটিভিতে প্রচারিত ধারাবাহিক ‘পরের মেয়ে’তেও অভিনয় করছেন প্রভা।

প্রভার অভিনয়জীবনের পথচলা সব সময় মসৃণ ছিল না। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে ২০১০ সালের আগস্টে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু ব্যক্তিগত একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ২০১১ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।

এরপর তীব্র সামাজিক ও মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয় প্রভাকে। কিছুদিন অভিনয় ও গণমাধ্যম থেকে দূরে ছিলেন তিনি। পরে ২০১২ সালে ব্যবসায়ী মাহমুদ শান্তকে বিয়ে করেন। সেই সংসারও ২০১৪ সালে ভেঙে যায়।

বারবার ব্যক্তিগত জীবনের সংকটের মুখে পড়লেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফেরেন। ‘সিকান্দার বক্স’ সিরিজসহ বিভিন্ন একক ও ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান পুনরুদ্ধার করেন।

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে অনলাইনে ভুয়া খবর, হয়রানি ও অপপ্রচারের শিকার হয়েছেন প্রভা। ২০২৩ সালে সাইবার হয়রানির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে প্রতিবাদ জানান তিনি।

একসময় নেতিবাচক মন্তব্যের আশঙ্কায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও ভিডিওর মন্তব্য সীমিত রাখতেন। সময়ের সঙ্গে সেই সংকোচ কাটিয়ে উঠেছেন। এখন ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। অন্যায়ের প্রতিবাদেও সরব হয়েছেন তিনি।

অভিনয়, করপোরেট দায়িত্ব ও ব্যক্তিগত অভিজ্ঞতা—সব মিলিয়ে জীবনের নতুন অধ্যায়ে রয়েছেন প্রভা। আপাতত অভিনয়কে পেশাগত জীবনের একমাত্র কেন্দ্র না করে নিজের পছন্দ ও সুবিধা অনুযায়ী কাজ করতে চান তিনি। ভালো গল্প ও মানসম্মত কাজের সুযোগ পেলেই আবারও পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

- Advertisement -

Related Articles

Latest Articles