
বিশ্বজুড়ে লিওনেল মেসির ভক্তদের ভালোবাসা প্রকাশের নানা আয়োজনের মধ্যে এবার আলোচনায় এসেছে এক বাংলাদেশি নারীর ব্যতিক্রমী উদ্যোগ। যুক্তরাষ্ট্রের কানসাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ঐশী বিশ্বকাপ উপলক্ষে মেসির ছবি ছাপানো একটি শাড়ি পরে সাড়া ফেলেছেন।
ঐশীর ভাষ্য, বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতেই তিনি এই বিশেষ শাড়ি পরেছেন। তিনি জানান, তাঁর মা বাংলাদেশে শাড়িটি তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন।
এবারের বিশ্বকাপে ঐশী কানসাসে ফিফার স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের সময় নির্ধারিত পোশাক পরতে হলেও অবসর সময়ে তিনি মেসি শাড়ি পরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান।
ব্যতিক্রমী এই শাড়ির ছবি ইতোমধ্যে আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে উচ্ছ্বসিত ঐশী বলেন, এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে পেরে তিনি গর্বিত।

