
বলিউড ছেড়ে ধর্মীয় জীবন বেছে নেওয়া সাবেক অভিনেত্রী সানা খান জানিয়েছেন, মৃত্যুর পরিণতি নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত থাকেন। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, প্রায় প্রতি রাতেই ঘুমাতে যাওয়ার আগে কান্না করেন, কারণ তিনি জানেন না তাঁর শেষ পরিণতি কী হবে।
সানা জানান, শোবিজ ছেড়ে ধর্মীয় জীবন বেছে নেওয়ার পরও নিজেকে অন্যদের চেয়ে বেশি ধার্মিক মনে করেন না। হিজাব পরার সিদ্ধান্তও ছিল সম্পূর্ণ তাঁর নিজের, যা দীর্ঘদিনের ব্যক্তিগত বিশ্বাস ও ভালোবাসা থেকে এসেছে।
বিনোদন জগতের নানা অভিজ্ঞতা এবং ওমরাহ পালনের পর তাঁর জীবনে বড় ধরনের পরিবর্তন আসে। অর্থ, খ্যাতি ও বিলাসী জীবন থাকা সত্ত্বেও তিনি মানসিক শান্তি খুঁজে পাননি। পরে সৃষ্টিকর্তার কাছে সঠিক পথের দোয়া করে অভিনয়জগত ছেড়ে নিজের বিশ্বাস অনুযায়ী জীবনযাপনের সিদ্ধান্ত নেন।
২০২০ সালে শোবিজ ছাড়ার ঘোষণা দেওয়ার পর একই বছরের শেষ দিকে মুফতি আনাস সৈয়দকে বিয়ে করেন সানা খান। বর্তমানে এই দম্পতির দুই সন্তান রয়েছে। সানা ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’, ‘টয়লেট: এক প্রেম কথা’সহ বেশ কয়েকটি বলিউড চলচ্চিত্র এবং ‘বিগ বস’ ও ‘খতরো কে খিলাড়ি’র মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন।

