‘চলো রাতে কথা বলি, কেউ জানবে না…’, নিককে প্রথম মেসেজ করেছিলেন প্রিয়াঙ্কা!

‘চলো রাতে কথা বলি, কেউ জানবে না…’, নিককে প্রথম মেসেজ করেছিলেন প্রিয়াঙ্কা! - the Bengali Times

আট বছর আগে সোশ্যাল মিডিয়ায় একটি সাধারণ মেসেজ দিয়ে শুরু হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন গায়ক নিক জোনাসের প্রেম। আজ তাঁরা সুখে সংসার করছেন এবং তাঁদের চার বছর বয়সী কন্যাসন্তান মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে ভরা সংসার। সম্প্রতি ‘জোনাস ব্রাদার্স’-এর একটি পডকাস্টে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই নিক ফিরে গেলেন তাঁদের সম্পর্কের শুরুর দিনগুলোয় এবং ফাঁস করলেন প্রিয়াঙ্কাকে পাঠানো তাঁর জীবনের প্রথম সেই মেসেজটি।

- Advertisement -

নিক জানান, প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর প্রথম পরিচয় ঘটেছিল মেজ ভাই কেভিন জোনাসের মাধ্যমে। নিকের কথায়, ‘‘কেভিন আমাকে প্রথম বলেছিল, ‘আরে, তুমি কি এবিসির ওই শো-টা দেখেছ? নাম কোয়ান্টিকো।’ আমি বললাম, ‘না তো।’ ও যখন এই বিষয়ে কথা বলছিল, ঠিক তখনই সানসেট বুলেভার্ডের দিকে তাকিয়ে আমি প্রিয়াঙ্কার মুখের একটা বিশাল বিলবোর্ড দেখতে পাই। এরপর আমি টুইটারে (বর্তমানে এক্স) গিয়ে দেখতে চাইছিলাম যে প্রিয়াঙ্কা আমাকে ফলো করেন কি না। দেখলাম, হ্যাঁ ও আমাকে ফলো করে। তারপরই আমি সরাসরি ওকে একটি মেসেজ পাঠাই।’’ নিকের এই কথার পিঠে প্রিয়াঙ্কা হেসে বলেন, ‘‘এটা সত্যিই একটা অদ্ভুত ঘটনা। কারণ কেভিন আর আমি একই ধরনের শো পছন্দ করি, কিন্তু নিক আর আমার পছন্দের শো-র তালিকা কখনওই এক হয় না।’’

পডকাস্ট চলাকালীন স্ক্রিনে তাঁদের সেই সময়কার চ্যাটের একটি স্ক্রিনশট ভেসে ওঠে। আর তা দেখে নিকের অন্য দুই ভাই জো এবং কেভিন নাটকীয় ভঙ্গিতে সেই মেসেজগুলো পড়ে শোনান। নিকের প্রথম মেসেজটি ছিল— ‘‘হ্যালো। বেশ কয়েকজন মানুষের মুখে শুনলাম যে আমাদের নাকি দেখা করা উচিত। আমিও তাঁদের কথার সঙ্গে একমত। তুমি কি খুব শীঘ্রই লস অ্যাঞ্জেলেসে আসছ?’’ জবাবে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘‘হে। গ্রাহামও আমাকে তোমার সম্পর্কে অনেক কিছু বলেছে। চলো আমরা রাতে টেক্সট মেসেজে কথা বলি। সেটা অনেক বেশি ব্যক্তিগত হবে। আমার সোশ্যাল মিডিয়া টিম এই মেসেজগুলো দেখতে পায়।’’ ভাইদের মুখে নিজেদের পুরোনো চ্যাট পড়ার ধরন শুনে নিক এবং প্রিয়াঙ্কা হাসিতে ফেটে পড়েন এবং বেশ কিছুটা লজ্জা পান। পুরো সময়টা জুড়েই তাঁরা একে অপরের হাত ধরে বসেছিলেন।

২০১৬ সালে সোশ্যাল মিডিয়ায় প্রথম মেসেজ চালাচালির পর ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কারের আফটার-পার্টিতে প্রথমবার একে অপরের মুখোমুখি হন নিক ও প্রিয়াঙ্কা। সেই বছরই মেট গালার লাল গালিচায় একসঙ্গে হেঁটে প্রেমের জল্পনা আরও উসকে দেন তাঁরা। এরপর ২০১৮ সালে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন নিক এবং ওই বছরই উদয়পুরে রাজকীয় আয়োজনে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। হিন্দু এবং খ্রিস্টান উভয় মতেই সম্পন্ন হয়েছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের জীবনে আসে কন্যাসন্তান মালতি মেরি।

খুব শীঘ্রই প্রিয়াঙ্কা চোপড়াকে তাঁর আগামী ছবি ‘বারাণসী’ (Varanasi)-তে দেখা যেতে চলেছে। এই ছবির হাত ধরেই দীর্ঘ আট বছর পর ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন করছেন দেশি গার্ল। এই ছবিতে তাঁর সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারনকে। সিনেমাটির শুটিং ও প্রযোজনা বর্তমানে চলছে এবং এটি ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles