কেপ ভার্দের লড়াকু মানসিকতায় মুগ্ধ মেসি

কেপ ভার্দের লড়াকু মানসিকতায় মুগ্ধ মেসি - the Bengali Times

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করলেও কেপ ভার্দের বিপক্ষে পাওয়া ৩-২ গোলের কঠিন জয়কে সহজভাবে দেখছেন না আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বরং আফ্রিকার দলটির সাহসী লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

রেকর্ডময় এই ম্যাচে চলতি বিশ্বকাপে নিজের সপ্তম গোল করেন মেসি। তবে ম্যাচ শেষে তিনি বলেন, শুরু থেকেই জানতেন কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দেওয়া প্রতিপক্ষ প্রথম গোল হজম করার পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায়।

- Advertisement -

মেসির ভাষায়, প্রথম গোলের পর আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ নেবে বলে মনে হলেও বাস্তবে হয়েছে উল্টোটা। কেপ ভার্দে শেষ পর্যন্ত লড়ে গেছে এবং বিশ্বকাপে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই—এ কথাই আবারও প্রমাণ করেছে।

নকআউট পর্বের কঠিন বাস্তবতা তুলে ধরে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, বর্তমান বিশ্বফুটবলে দলগুলোর শক্তির ব্যবধান অনেক কমে এসেছে। তাই প্রতিটি ম্যাচই কঠিন এবং সামনে এগোতে হলে নিজেদের ভুল শুধরে আরও উন্নতি করতে হবে।

নিজেদের পারফরম্যান্স নিয়েও আত্মসমালোচনা করেন মেসি। তিনি স্বীকার করেন, আর্জেন্টিনা ঠিকমতো প্রেসিং করতে পারেনি। রক্ষণ ও মাঝমাঠের মধ্যে দূরত্ব বেশি থাকায় সমন্বয়ের ঘাটতি দেখা দেয়। পাশাপাশি কেপ ভার্দের শারীরিক শক্তিনির্ভর ফুটবলের সঙ্গে শুরুতে তাল মেলাতেও সমস্যায় পড়েছিল দল।

রোমাঞ্চকর ম্যাচে প্রথমে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে কেপ ভার্দের দিরয় দুয়ার্তে সমতা ফেরান। এরপর লিসান্দ্রো মার্তিনেস আবারও এগিয়ে দিলেও কাবরালের দুর্দান্ত গোলে ২-২ সমতায় ফেরে ম্যাচ। অতিরিক্ত সময়ে ডিনে বোর্জেসের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সেট-পিস থেকে পাওয়া গোলের গুরুত্ব তুলে ধরে মেসি বলেন, কেপ ভার্দে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। আর্জেন্টিনা এদিন কর্নার ও ফ্রিকিক থেকে তৈরি সুযোগ কাজে লাগাতে পেরেছে, যা টুর্নামেন্টে তাদের জন্য নতুন ইতিবাচক দিক। তাঁর মতে, নকআউট পর্বে সুযোগের সর্বোচ্চ ব্যবহারই সাফল্যের মূল চাবিকাঠি।

এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার প্রতিনিধিরা। আগামী মঙ্গলবার শেষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

- Advertisement -

Related Articles

Latest Articles