
বিশ্বকাপ শুরুর আগ থেকেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র
বিশ্বকাপ শুরুর আগ থেকেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশের দল ও কর্মকর্তাদের ভিসা জটিলতা এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার সমালোচনার মধ্যেই এবার কঠোর তল্লাশির মুখে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। আর সেই তালিকায় ছিলেন অধিনায়ক Lionel Messiও।
শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে কানসাস থেকে মায়ামিতে পৌঁছায় আর্জেন্টিনা দল। বিমানবন্দরে অবতরণের পরই মার্কিন নিরাপত্তাকর্মীরা পুরো দলকে কড়া নিরাপত্তা তল্লাশির আওতায় আনেন। মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেক খেলোয়াড়কে পরীক্ষা করার পাশাপাশি তাদের লাগেজও বিস্তারিতভাবে তল্লাশি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেসির শরীর মেটাল ডিটেক্টর দিয়ে সতর্কতার সঙ্গে পরীক্ষা করছেন এক নিরাপত্তাকর্মী। পরে তার ব্যক্তিগত ব্যাগও খুলে দেখা হয়। নিজের তল্লাশি শেষে সতীর্থদের একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে দেখে মেসিকে হাসিমুখেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
অপ্রত্যাশিত এ পরিস্থিতিতেও মেজাজ না হারিয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করেন আর্জেন্টাইন অধিনায়ক। তার শান্ত ও পেশাদার আচরণ সমর্থকদের প্রশংসা কুড়িয়েছে।
তবে ভিডিওটি প্রকাশের পর ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, বিশ্বসেরা ফুটবলার এবং বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে এ ধরনের কঠোর আচরণ টুর্নামেন্টের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর আগে অন্যান্য কয়েকটি দলের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে সমালোচনার মুখে পড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে প্রশ্ন উঠেছে তাদের আতিথেয়তা ও নিরাপত্তা ব্যবস্থার ভারসাম্য নিয়ে।

