প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর, অনশনে গেলে বিধবাকে লাঞ্ছনা

প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর, অনশনে গেলে বিধবাকে লাঞ্ছনা - the Bengali Times
ছবি সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে এক বিধবা নারীকে ঘিরে প্রেম, প্রতিশ্রুতি ও অভিযোগের জটিল ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, স্বামীর মৃত্যুর পর ওই নারীর সঙ্গে স্থানীয় যুবক শরীফের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার বছর ধরে চলা এই সম্পর্কে বিয়ের আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি তার। নারীটির ভাষ্য অনুযায়ী, এই আশ্বাসের ভিত্তিতেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং একপর্যায়ে শারীরিক সম্পর্কও হয়।

তিনি আরও অভিযোগ করেন, বিদেশে যাওয়ার আগে শরীফ তার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নেন, যা তিনি নিজের গহনা বিক্রি করে জোগাড় করেছিলেন। পরে বিদেশে থাকাকালেও নিয়মিত যোগাযোগ রাখেন এবং দেশে ফিরে তাকে ও তার দুই সন্তানকে মেনে নিয়ে বিয়ে করবেন বলে আশ্বাস দেন।

- Advertisement -

কিন্তু সম্প্রতি দেশে ফিরে শরীফ ভিন্ন আচরণ শুরু করেন বলে অভিযোগ। তিনি অন্যত্র বিয়ের চেষ্টা করছেন—এমন খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ওই নারী গত সোমবার (২৩ মার্চ) সকালে শরীফের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেন।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, শরীফের পরিবারের সদস্যরা তাকে মারধর ও লাঞ্ছিত করেন, এমনকি একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তবে শরীফের পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয়দের ভাষ্য, এর আগে বিষয়টি নিয়ে সামাজিকভাবে মীমাংসার চেষ্টা হয়েছিল এবং ঈদের পর সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

এ ঘটনায় স্থানীয়ভাবে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি শুধু পারিবারিক বিরোধ নয়—এতে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ রয়েছে, যা আইনগতভাবে তদন্ত হওয়া প্রয়োজন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ মার্চ উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। তবে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা এখন দেখার বিষয়।

- Advertisement -

Related Articles

Latest Articles