দাম বেড়েছে গ্রোসারি পণ্য ও গরুর মাংসের

দাম বেড়েছে গ্রোসারি পণ্য ও গরুর মাংসের - the Bengali Times
বড়দিন ঘিরে উৎসবের প্রস্তুতি শুরু হলেও কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে অনেক পরিবারের জন্য এবারের ছুটির মৌসুমে বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি

বড়দিন ঘিরে উৎসবের প্রস্তুতি শুরু হলেও কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে অনেক পরিবারের জন্য এবারের ছুটির মৌসুমে বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি। দ্বীপটির বিভিন্ন গ্রোসারি স্টোরে ক্রেতাদের ভিড় চোখে পড়লেও, তাদের বড় একটি অংশই বলছেন এ বছর ছুটির দিনের খাবারের ব্যবস্থা করতে গিয়ে গত বছরের তুলনায় অনেক বেশি খরচ গুনতে হচ্ছে।

স্থানীয় একাধিক গ্রোসারি স্টোরের দোকানদর এবং সংরক্ষিত অনলাইন ফ্লায়ারের তথ্য ব্যবহার করে করা এক তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের এই সপ্তাহে ছুটির মৌসুমে ব্যবহৃত সাধারণ পণ্যের দাম ২০২৪ সালের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্লেষণে স্পষ্ট হয়েছে, সামগ্রিকভাবে পরিবারগুলোর ব্যয় বেড়েছে এবং সবচেয়ে বড় চাপ পড়েছে মাংসজাত পণ্যের ওপর। বিশেষ করে গরুর মাংসের দাম বৃদ্ধিই ক্রেতাদের বাজেটে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।

- Advertisement -

স্টোরে আসা অনেক ক্রেতাই জানিয়েছেন, মূল্যবৃদ্ধির কারণে তারা চাপ অনুভব করছেন। বনি ম্যাকরায়ে নামের এক ক্রেতা বলেন, “এ বছর খরচ সত্যিই অনেক বেশি। দাম এতটাই বেড়েছে যে আমাদের পরিবারের জন্য এবার গরুর মাংস কেনা সম্ভব হচ্ছে না।” তার কথায়, ছুটির দিনের ঐতিহ্যবাহী খাবারের তালিকা থেকেও কিছু আইটেম বাদ দিতে হচ্ছে।

আরেক ক্রেতা হিলারি প্রাইস জানান, বাড়তি খরচ সামলাতে তিনি কৌশল বদলেছেন। “আমি চেষ্টা করছি যতটা সম্ভব ছাড়কৃত দামে জিনিস কিনতে। ভবিষ্যতে দরকার হবে ভেবে আগে থেকেই কিছু পণ্য কিনে রাখছি,” বলেন তিনি। খরচ কমিয়ে রাখতে অনেক খাবার নিজেই ঘরে তৈরি করার পরিকল্পনাও করছেন হিলারি।

বিশেষজ্ঞদের মতে, খাদ্যপণ্যের উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধি, পাশাপাশি সামগ্রিক মূল্যস্ফীতির প্রভাবই এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। এর ফলে উৎসবের সময়েও সাধারণ মানুষের বাজেটে চাপ বাড়ছে।

সব মিলিয়ে, বড়দিনের আনন্দের প্রস্তুতির পাশাপাশি প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের অনেক পরিবারকে এ বছর হিসেব কষেই বাজার করতে হচ্ছে। উৎসবের টেবিল সাজানো থাকছে ঠিকই, তবে আগের বছরের তুলনায় অনেক বেশি সচেতনতা ও সাশ্রয়ের সঙ্গে।

- Advertisement -

Related Articles

Latest Articles